নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের পার্কিং নিয়ে অভিযোগ মেটাতে এবার ‘বন্ধু’ চাইছে কলকাতা পুরসভা। না কোনও রক্ত-মাংসে গড়া মানুষ নয়। কলকাতা পুলিসের একটি অ্যাপ ‘বন্ধু’। পুরসভার পার্কিং লটগুলিতে গাড়ি রাখার সুবিধায় এবার এই অ্যাপ নতুন করে চালু করা হবে। কীভাবে মিলবে এই সুবিধা? প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
কলকাতা পুরসভার কতগুলি পার্কিং লট রয়েছে, পার্কিং ফি কত সব নির্দিষ্ট তথ্য থাকবে অ্যাপের মধ্যে। কোথায় কত গাড়ি রাখা যায়, কটার জায়গা ফাঁকা সব জানা যাবে অ্যাপ থেকে। সেইমতো গাড়ি পার্কিং করতে পারবেন নাগরিকরা। সরাসরি এই অ্যাপ কলকাতা পুরসভার পার্কিং বিভাগও দেখতে পারবে।
ফলে কোথাও নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি গাড়ি পার্কিং করা হলে তাও ধরা পড়বে। উল্লেখ্য, কলকাতা পুরসভার পার্কিং লট গুলির দায়িত্বশীল একাধিক এজেন্সি বা স্বনির্ভর গোষ্ঠী। এবার নতুন করে ইন্টারনেট পরিষেবা যুক্ত এন্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হবে তাদের। সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও আপডেট করা হয়েছে।
কোন গাড়ি কখন বেরোচ্ছে, কখন কোন জায়গা ফাঁকা হচ্ছে তার আপডেট অ্যাপে করবেন পার্কিং লট সামলানো এজেন্সির প্রতিনিধি। অনেক সময় নির্দিষ্ট সংখ্যার থেকেও বেশি গাড়ি রেখে দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে। আবার, দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কো – অপারেটিভ সোসাইটির পার্কিং লট সামলানো প্রতিনিধি অতিরিক্ত ফি দাবি করছেন, স্লিপ দিচ্ছেন না।
এমন অভিযোগ বহু এসেছে। অ্যাপ থাকলে সেটা করা সম্ভব হবে না।পাশাপাশি, গাড়ি রাখার ক্ষেত্রে দু চাকা বা চার চাকার নির্দিষ্ট করে দেওয়া ফি অ্যাপ থেকে জানা যাবে। ফলে অনেক সময় লোক ঠকানোর যে অভিযোগ সামনে আসে সেই সমস্যা মিটবে।
এই প্রসঙ্গে পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার বলেন, বেআইনি পার্কিং রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কখন গাড়ি ঢুকেছে, কখন গাড়ি বেরোচ্ছে সময় অনুযায়ী কত টাকা ফি সব অ্যাপেই দেখা যাবে। ফলে বাড়তি চাওয়ার অভিযোগ আসবে না।
