নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গাছের গোড়ার চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধাই করা নয়। সৌন্দর্য বাড়াতে গাছের গোড়া মজবুত করতে অভিনব কায়দা কলকাতা পুরসভার। পেভার ব্লক বসিয়ে কলকাতা পুরসভা নকশা করে মুড়ে দিচ্ছে গাছের গোড়ার চারপাশ। উল্লেখ্য, গত বছর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
গাছের গোড়ার চারিদিকে যেভাবে ইট, সিমেন্ট এবং টাইলস দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে তাতে গাছের শিকড় আলগা হচ্ছে। একটু ঝড় হলেই ভেঙে পড়ছে গাছ। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এভাবে বাঁধাই করা যাবে না। এবং যেখানে যেখানে সেটা করা হয়েছে তা ভেঙে ফেলারও নির্দেশ দেয় আদালত।
সেইমতো ইতিমধ্যে শহরের প্রায় ৭০-৮০ শতাংশ জায়গায় ফুটপাত কিংবা রাস্তার পাশে সেই ঢালাই ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু সেখানেও দেখা গিয়েছে সমস্যা। ভাঙার পর সেটা যেমন দৃষ্টিকটু লাগছে, তেমনি অনেকেই সেখানে ময়লা আবর্জনা ফেলছেন। হচ্ছে হিতের বিপরীত। নতুন করে ভাবনাচিন্তা শুরু করে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ।
সবকিছু ভেবেচিন্তে একটি নকশা তৈরি হয়। যা ইতিমধ্যেই গোলপার্ক, সার্দান অ্যাভিনিউ, জাজেস কোর্ট সহ ৮ এবং ৯ নম্বর বরো একাধিক জায়গায় করা হয়েছে। গাছের গুড়ির চারিপাশ থেকে এক মিটার দূরত্ব ছেড়ে ভাঙাচোরা জায়গায় পেভার ব্লক মাটিতে বসিয়ে করা হয়েছে নকশা। সেগুলি কিছুটা ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে যেন মাটি দেখা যায়।
হলে পুরোপুরি ঢালাই করার যেমন প্রয়োজন হয়নি ঠিক তেমনি মাটি আলগা হয়ে থাকা বিকৃত অংশে সৌন্দর্য ফেরানো গিয়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার বলেন, ‘আদালতের নির্দেশ মতোই ঢালাই করা অংশ ভেঙেছি আমরা।
পরীক্ষামূলকভাবে আপাতত শহরের কয়েকটি জায়গায় গাছের গোড়ার চারপাশে এমন নকশা করা হয়েছে।’ শহরের বিভিন্ন ফুটপাতে কিংবা রাস্তার ধারে এই ধরনের কাজ করতে সময় এবং অর্থের প্রয়োজন। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পুরোদমে শহরের সর্বত্র এই কাজ করা হবে বলেই জানাচ্ছে কলকাতা পুরসভা। নতুন নকশা দৃষ্টিনন্দন। আগামী দিনে শহরজুড়ে বিভিন্ন গাছের তলায় এমনটাই দেখতে পাওয়া যাবে।
