ব্যাপক চাহিদা, যোগান কম, টিকা নিয়ে চরম নৈরাজ্য

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ৪৫ ঊর্ধ্বদের ফের করোনা টিকার প্রথম ডোজ শনিবার থেকে শুরু হয়েছিল কলকাতায়। কিন্তু চাহিদার বিপুল চাপে আপাতত ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজের জন্য নতুন রেজিস্ট্রেশন বন্ধ করে দিল কলকাতা পুরসভা। যাঁরা শুক্রবার থেকে স্লট বুক করেছেন তাঁরাই শুধু পাবেন টিকার প্রথম ডোজ। এখন আর নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না, ফের শুরু হবে আগামী সপ্তাহে।

তবে, বয়স্ক অর্থাৎ ৬০ ঊর্ধ্বদের জন্য আবার ফের আগামীকাল সোমবার থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার কথা ঘোষণা করেছে পুরসভা। হোয়াটসঅ্যাপ নম্বরে ফ্লাট বুকিং করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন অনেকেই। আবার অন্যদিকে এই রোদের মধ্যে ফের লাইনে দাঁড়ানোর চক্কর। স্বাভাবিকভাবেই ক্ষুব্দ নাগরিকেরা। কলকাতা পুরসভা সূত্রে খবর, অনলাইনে ৫০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

তাঁদের টিকা দেওয়ার পর ফের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন চালু হবে। ঠিক ছিল, শুধুমাত্র ৪৫ বা তার বেশি বয়সীরাই শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেই হোয়াটসঅ্যাপ নম্বরে (৮৩৩৫৯৯৯০০০) নাম লেখাতে পারবেন। কিন্তু মাত্র তিন ঘণ্টায় ৫০ হাজার নাম নথিভুক্ত হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এদিকে স্লট বুকিং শুরু হতেই অনেকেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

বয়সের প্রমান দেয়ার পরও কাউকে দেখানো হয়েছে আপনার জন্ম সংক্রান্ত তথ্য সঠিক নয়। আবার কাউকে জানানো হয়েছে আপনার পছন্দের কেন্দ্রে এখন হবে না, আপনি পরের রবিবার ফের বুকিং করুণ। এমনই একাধিক অভিযোগ জমা পড়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। যদিও ফেসবুক লাইভ করে এই সমস্ত সমস্যার কথা উড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ। তাঁর দাবি, অনেক নাগরিক বুঝতে পারেননি তাই তাঁরা স্লট বুক করতে পারেনি।

৫০ হাজার নাগরিকের টিকাকরণ সম্পন্ন করতে কম পক্ষে দিন দশ সময় লাগবে। তাই, আপাতত নতুন করে নাম নেওয়া হবে না। অতীন ঘোষ জানান, টিকাকরণ আমরা বন্ধ রাখছি না। প্রচুর মানুষ নাম লিখিয়েছেন একসঙ্গে। আগামী এক সপ্তাহের স্লট বুকিং হয়ে গিয়েছে। স্লট আর ফাঁকা নেই। আবার ফাঁকা হলে নতুন করে রেজিস্ট্রেশন চালু হবে। আগামী সপ্তাহে নম্বর খুলে দেওয়া হবে।

তবে কোন দিন থেকে পুনরায় রেজিস্ট্রেশন চালু হবে তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এদিকে ঠিক হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সীরা সোমবার থেকে ১১৩টি কোভিশিল্ড টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত লাইন দিয়ে প্রথম ডোজ নিতে পারবেন। তারপর দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন হওয়া ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ।

কিন্তু, আবার ওই একই সময় চলছে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে জমবে ভিড়। মানা যাবে না বিধি নিষেধ। কলকাতা পুরসভার এমন পরিকল্পনাহীন এক এক রকমের এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ধোঁয়াশার মধ্যে রয়েছেন নাগরিকরা।

আরও পড়ুন