নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের রাস্তার ঢেউ সমান করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। পিচের আস্তরণ পড়ে উঁচু-নিচু হয়ে যাওয়া অংশ কেটে সমান করার কাজে হাত লাগানো হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা পুরসভা কাজ শুরু করেছে হরিশ মুখার্জি রোডের একাংশে। সাফল্য পেলে আগামী দিনে শহরের বিভিন্ন রাস্তার হাল ফেরাতে এই পদ্ধতিতেই কাজ করবে কলকাতা পুরসভা।
তবে, বাড়বে রাস্তা সংস্কারের খরচ। কলকাতা পুরসভা সূত্রে খবর, পিজি হাসপাতালের সামনে থেকে সোজা কালীঘাট দমকল কেন্দ্র পর্যন্ত হরিশ মুখার্জি রোডের বিভিন্ন জায়গা মসৃণ করার কাজ চলছে। আপাতত, ওই রাস্তার অর্ধেক অংশ বা ২৫০০ স্কোয়ার মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা। ২০১৭ সাল থেকে কলকাতায় মেস্টিক দিয়ে রাস্তার কাজ কোর্টের নির্দেশ অনুসারে বন্ধ।
ফলে, যেখানে খোঁড়াখুঁড়ি হয়েছে, সেখানে পিচের আস্তরণ দিয়ে তাপ্তি দেওয়া হয়েছিল। একটি জায়গায় বারবার পিচের প্রলেপ পড়ে সেটা পাশের অংশের তুলনায় উঁচু হয়ে গেছে। সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর যখন নন্দন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত খোদ মুখ্যমন্ত্রী শোক মিছিলে পা মিলিয়ে ছিলেন তখন এই সমস্যা নজরে এসেছিল তাঁর।
তিনি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেন। ফিরহাদ হাকিম জানান, শহরের বিভিন্ন রাস্তায় উঁচু অংশ কেটে পাশের অংশের সঙ্গে তা সমান করে দেওয়ার কাজ হবে। সেটা দেখতেও ভালো লাগবে। কীভাবে চলছে এই কাজ? বিভাগীয় এক কর্তা বলেন, প্রথমে মিল্লিং মেশিন দিয়ে ওই উঁচু হয়ে যাওয়া অংশ কাটা হচ্ছে।
তারপর মজবুত করার জন্য প্রথমে ওখানে পাথর ফেলা হয়। এর উপর ম্যাকারাম বা পিচ এবং পাথরের মিশ্রণ ঢালা হচ্ছে। সেক্ষেত্রে কোল্ড বিটুমিন ব্যবহার করা হয়েছে। এবার উপরের অংশে লাগানো হচ্ছে অস্ফালটিক কংক্রিট মিক্স নামক পিচের একটা আস্তরণ।
যার ফলে পাশের অংশের সঙ্গে ওই জায়গাটিকে সমান করে মিলিয়ে দেওয়া যাচ্ছে। সাফল্য পেলে আগামীদিনে শহরের বিভিন্ন রাস্তা মসৃণ করতে এই পথেই হাঁটবে পুর কর্তৃপক্ষ। যদিও তার জন্য রাস্তা তৈরি বা রক্ষণাবেক্ষণের খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মত আধিকারিকদের।
