নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতায় ( Kolkata ) এখন ৩৫ থেকে ৪০টি রাস্তার বেহাল অবস্থা ( Road Condition )। দু’-একদিন নয় মাসের পর মাস এভাবে কাটলেও সারানোর কোনও উদ্যোগ নেই কলকাতা পুরসভা ( KMC )। তারমধ্যে ঝড়-বৃষ্টিতে রাস্তার পিচ উঠে আরও খারাপ হয়েছে। বর্ষায় কাজ করা যাবে না। তবে, শারদোৎসবের মুখে মেরামত হবে সব রাস্তা, আশ্বাস দিচ্ছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই রাস্তার কোনও কাজ হয় না।
রাস্তার মাঝে ছোট্ট খানা খন্দ এখন বিরাট গর্ত হয়ে দাঁড়িয়েছে। গর্তে বাইকের চাকা পড়লে রক্ষে নেই। দিন যত এগিয়েছে তত ঝুঁকিপূর্ণ হয়েছে কলকাতার একাধিক বেহাল রাস্তা। গতবছর কিছু রাস্তার কাজ হয়েছিল। এই বছর ভোটের পর ফের বিভিন্ন রাস্তা মেরামতের কাজে হাত দেওয়ার কথা ছিল কলকাতা পুরসভার। কিন্তু ফের লকডাউন হয়ে যাওয়ায় শ্রমিকের অভাবে কাজ হয়নি। এই পরিস্থিতিতে এসেছে বর্ষা। শহরের নিকাশি ব্যবস্থা এমনই খারাপ।
বৃষ্টিতে জল জমার ঘটনায় দুর্ভোগে পড়ছেন মানুষ। একই সঙ্গে রাস্তার গর্তগুলো বিপজ্জনক হয়ে উঠছে। পিচ উঠে আরও খারাপ হচ্ছে রাস্তার বিভিন্ন অংশ। কলকাতা পুরসভা সূত্রে খবর, বেহালার বীরেন রায় রোড, ঠাকুরপুকুরের এমজি রোড ( MG Road ), এসপি মুখার্জি রোড, একে মুখার্জি রোড, গার্ডেনরিচ রোড , এন এস রোড সহ দক্ষিণ কলকাতার ( South Kolkata ) ২০-২২টি রাস্তার অবস্থা খারাপ। একইভাবে উত্তরে কাশীপুর রোড, এপিসি রোড, এজেসি বোস রোড ( AJC Bose Road ) সহ ১০ থেকে ১২টি রাস্তার অবস্থা খুব খারাপ।
কয়েকদিনের মধ্যেই বিধি-নিষেধ উঠলে ফের কলকাতার রাস্তায় যান চলাচল গতি পাবে। তার আগে কিছু রাস্তা জরুরী ভিত্তিতে সংস্কার করা হবে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। যদিও রাস্তার সার্বিক মেরামত হবে পুজোর আগেই। ফলে রাস্তার খানাখন্দ বা বড় গর্তের দুর্ভোগের হাত থেকে একই রেহাই মিলছে না শহরবাসীর। কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, কলকাতায় প্রতিবছর বর্ষায় জল জমে। তাই রাস্তা খারাপ হয়ে যায়।
বর্ষার পর মেরামতের কাজে হাত দেওয়া হবে। তবে শারোদৎসবের আগে সব রাস্তাই প্যাচ ওয়ার্ক হবে। কলকাতা পুলিশ ( Kolkata Police ) শহরের খারাপ রাস্তার একটি তালিকা দেয়। সেই তালিকা এবছর এখনও দেয়নি। কর্পোরেশনকে দিয়ে সেই রাস্তাগুলিরও কাজ করানো হবে উৎসবের আগেই।
