১৮ উর্ধ্বদের টিকাকরণ চলছে গোপনে, উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের চুপিচুপি চলছে ১৮ উর্দ্ধদের টিকাকরণ ( Vaccination )! হ্যাঁ একদম নিঃশব্দে কলকাতা পুরসভা ( KMC ) ইতিমধ্যেই জেনারেল ক্যাটাগরির যুব প্রজন্মের টিকাকরণ শুরু করে দিয়েছে। তবে এখনই সেটা সরকারিভাবে ঢাকঢোল পিটিয়ে বলতে নারাজ কলকাতা পুরসভার কর্তারা। গত তিন চার দিনে টিকাকরণ কর্মসূচিতে বড়োসড়ো লং জাম্প দিল কলকাতা পুরসভা। দিনে গড়ে ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে টিকাকরণ।

সরকারিভাবে না বললেও ১৮ ঊর্ধ্বদের টিকাদান ( 18 Year Old Vaccination ) এর পেছনে রয়েছে জানাচ্ছে কলকাতা পুরসভার পুর স্বাস্থ্য বিভাগ। সরকারিভাবে ঘোষণা করে সূচনা না হলেও আপাতত শহরের ১৬টি বরো থেকে ২টি করে ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ ৩২টি ওয়ার্ডের চলছে ১৮ ঊর্ধ্বদের টিকাদান। সুপার স্প্রেডারদের সঙ্গেই জেনারেল ক্যাটাগরিতে যুবক-যুবতীদের টিকাদান করছে। ঠিক ছিল, ২১ জুন থেকে যুব প্রজন্মের টিকাকরণ শুরু করে দেওয়া হবে।

কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পুরো প্রক্রিয়া পিছিয়ে যায়। তবে চুপিচুপি শহরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে জেনারেল ক্যাটাগরিতে যুব প্রজন্মকে টিকা দেওয়া হচ্ছে। যা শুরু হয়েছিল ভবানীপুর বিধানসভার ৯ নম্বর বরো দিয়ে। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিধানসভার উপনির্বাচন। তার আগে ওই অঞ্চলের যুব প্রজন্মকে টিকার আওতায় নিয়ে আসতে উদ্যোগী কলকাতা পুর কর্তৃপক্ষ। কিন্তু কেন এই নিস্তব্ধতা? তা নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা।

কিন্তু স্বাস্থ্য বিভাগে কান পাতলে শোনা যাচ্ছে আসল কারণ। কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের এক শীর্ষকর্তা বলেন, বর্তমানে টিকার যোগান কম। আমরা সব যুবক যুবতীদের টিকা দিতে পারব না। সেই কারণেই চুপচাপ টিকাকরণ চলছে। এই অবস্থায় নির্দিষ্ট কিছু মেগা সেন্টার বেছে নেওয়া হয়েছে। যেখানে জেনারেল ক্যাটাগরির ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া তালিকা গুরুত্ব পাচ্ছে।

যারা টিকা নিতে ইচ্ছুক তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিরা যোগাযোগ করলে তাঁদের মেগা সেন্টারে পাঠিয়ে দেওয়া। কলকাতা পুরসভার তথ্য বলছে, গত ২১ জুনের আগে শহরে দৈনিক ন্যূনতম ১৭-১৮০০০ থেকে ২৩-২৪০০০ মানুষকে টিকা দেওয়া হতো। তারপর সেই সংখ্যাটা ৫০০০০ ছাড়িয়েছে। বর্তমানে গত শনিবার সেই সংখ্যা ছিল দৈনিক ৬২০০০। হঠাৎ করে এই বিপুল সংখ্যক টিকাকরণ বেড়ে যাওয়ার মূল কারণ যুব প্রজন্মকে টিকাদান। আগামী জুলাই মাস থেকে রীতিমতো ঘোষণা করে ১৮ বছর বা তার বেশি বয়সিদের টিকা দেওয়া শুরু করে দেবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন