নিজস্ব প্রতিনিধি, কলকাতা : করোনা রোগীদের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করল কলকাতা পুরসভা। সেখানে রোগীর বেড থেকে শুরু করে এম্বুলেন্স কিংবা টেলিমেডিসিন পরিষেবার বিভিন্ন নম্বর দেওয়া রয়েছে। কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর সেখানে থাকছে।
যাতে প্রয়োজনে সেই হেলপ্লাইন নম্বরে ফোন করে মানুষ সহজেই পরিষেবা পায়, তার জন্য এই ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। লাগামছাড়া সংক্রমণে শহর তথা রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। সেই অবস্থায় নতুন করে খুলছে সেফ হোম, হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা।
তবুও জনগণকে আতঙ্কিত না হয়ে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রোগীর চাপ সামলাতে এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুরসভা যৌথ উদ্যোগে নানাবিধ প্রয়োজনে সব মিলিয়ে আটটি হেল্পলাইন নম্বর প্রকাশ করল।
কলকাতা পুরসভার ফেসবুক পেজে ইতিমধ্যেই সে নম্বর দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শহরজুড়ে সেই নম্বরের তালিকা সম্বলিত বিজ্ঞাপন দেওয়া হবে। করোনা সংক্রমিত রোগীদের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর ১৮০০-৩১৩-৪৪৪-২২২। অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নম্বর (০৩৩) ৪০৯০-২৯২৯।

শহর কলকাতায় অ্যাম্বুলেন্স পরিষেবা জন্য কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২৫৫। সেইসঙ্গে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের নম্বর (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩। টেলিমেডিসিন পরিষেবা পেতে নাগরিকেরা যোগাযোগ করবেন (০৩৩) ২৩৫৭-৬০০১ নম্বরে।
এর পাশাপাশি যে কোনও প্রয়োজনে নানা সমস্যা নিয়ে কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ নম্বরে (৮৩৩৫৯৮৮৮৮৮) যোগাযোগ করা যেতে পারে। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা ৬টি সেফ হোম এবং দুটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। সেই সঙ্গে আরও বেসরকারি হোটেল এবং নির্মীয়মান বিভিন্ন সরকারি বা বেসরকারি আবাসনের উপর নজর রয়েছে পুরসভার।
স্বাস্থ্য বিভাগের এক কর্তা বলেন, দেশের অন্যান্য মেট্রোপলিটন শহরের মত না হলেও কলকাতা তথা রাজ্যের যে হারে সংক্রমণ বাড়ছে তা চিন্তার বিষয়। সেক্ষেত্রে সেফ হোম এবং কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।
