শতাব্দী প্রাচীন নিউ মার্কেটের হাল ফেরাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নিউমার্কেটের পুরনো হেরিটেজ অংশের হাল ফেরাতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ কলকাতা পুরসভা। হেরিটেজ বিল্ডিং, সেখানে কিভাবে সংস্কার করা যায়, কী উপকরণ ব্যবহার করা যাবে, সেই সব বিষয়ে যাদবপুরের কাছে পরামর্শ চেয়েছে কলকাতা পুরসভার মার্কেট বিভাগ। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করবে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার মার্কেট বিভাগ সূত্রে খবর, শতাব্দীপ্রাচীন এই বাজারের হাল ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভিতরে ছাদ, আলো সহ নানা ধরনের মেরামতির কাজ হয়েছে। এর আগে রাজ্য সরকারের থেকে পাওয়া ১ কোটি টাকা অনুদানে বিভিন্ন মেরামতির কাজ হয়েছে। কিন্তু, সার্বিকভাবে হেরিটেজ অক্ষুন্ন রেখে এই ইমারতের আমূল সংস্কার করতে গেলে তা কোন পথে করা যায়, সেই বিষয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের কাছে পরামর্শ চেয়েছে কর্তৃপক্ষ।

মাস তিনেকের মধ্যেই রিপোর্ট হাতে আসার সম্ভাবনা। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বাজার বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য আমীরুদ্দিন ( ববি ) বলেন, ওদের থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। তার উপর ভিত্তি করেই সংস্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও ইতিমধ্যেই আমরা একাধিক মেরামতির কাজ করেছি।

কিন্তু যেহেতু হেরিটেজ বিল্ডিং তাই সামগ্রিক সংস্কার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে। নিউ মার্কেট ঘুরে দেখা গেল অবস্থা যথেষ্ট সঙ্গিন। ক্লক টাওয়ারে ঘড়ি ঠিকঠাক কাজ করছে না, ভিতরে মাছ-মাংস-সবজি বাজারে খারাপ পরিবেশে, নোংরা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ভিতরে ভাঙাচোরা শৌচালয়। জানালায় কাঠ নেই। দেওয়ালের গায়ে গজিয়ে উঠেছে গাছগাছালি।

এমন অবস্থা থেকে ফের নতুন রূপে পুরনো নিউমার্কেটের জৌলুস ফেরাতে উদ্যোগী কর্তৃপক্ষ। সম্প্রতি, ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে খোদ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে নিউমার্কেটের বেহাল দশা জানিয়ে ফোন করেছিলেন এক বিদেশি। জৌলুস হারাচ্ছে নিউমার্কেট, এক কথায় বলতে গেলে সেই লন্ডনবাসীর অভিযোগ এমনটাই ছিল।

তাঁকে আশ্বস্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন ফিরহাদ। তিনি বিষয়টি দেখার জন্য মার্কেট বিভাগকে নির্দেশ দেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কনসালটেন্সি নিয়োগ করা হয়েছে। ওরা একটা রিপোর্ট দেবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত।

আরও পড়ুন