উপচে পড়ছে মৃতদেহ, নতুন শ্মশান, কবরস্থানের জমির সন্ধানে সরকার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কোভিডে আক্রান্ত মৃতদের সৎকারের জন্য শ্মশান কিংবা কবস্থানের জায়গা যেন কম পড়ে না যায়, সেই কারণে রাজ্যের সব পুরসভাকে নতুন জমি খুঁজতে বলল রাজ্য সরকার। তার পাশাপাশি করোনায় মৃতদের সৎকার প্রক্রিয়া মসৃণ করতে আরও ১৬ দফা নির্দেশিকা জারি করল রাজ্য।

পুর ও নগর উন্নয়ন দপ্তরের সেই নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যুর সর্বোচ্চ ঘণ্টা তিনেকের মধ্যে দাহকার্য নিশ্চিত করতে হবে। তার জন্য শ্মশান কিংবা কবরস্থানে জমি সংকুলান হতে পারে। যে পরিমাণে মৃত্যু বাড়ছে সেটা স্বাভাবিক। তাই নতুন জমি খোঁজার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি, করোনায় মৃতদের সৎকারের সময় বিভিন্ন ধর্মের প্রয়োজন অনুযায়ী নিয়ম-নীতি মেনে যেন সৎকার করা যায়, তার জন্য রাজ্যের সমস্ত পুরোহিত, ইমাম এবং খ্রীস্টান ধর্মযাজকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে, মৃতদেহ সৎকারের জন্য প্রতিটি পুরসভায় একজন করে নোডাল অফিসার দায়িত্ব নেবেন। বাড়িতে করোনা রোগীর মৃত্যু হলেও শেষকৃত্যের দায়িত্ব স্থানীয় পুরসভার। সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট ইস্যু করা আবশ্যক। কোনও পুরসভায় নোডাল অফিসার কে, তা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে সরকার।

দাহকার্য করতে গিয়ে অনেক সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই ব্যাপারে বলা হয়েছে, উৎকোচ দেওয়ার প্রয়োজন নেই। গত বছর‌ও নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু এভাবে নতুন শ্মশান কিংবা কবরস্থানের জন্য জমির খোঁজ করতে হবে, এমন অবস্থারও সম্মুখীন হতে হয়নি প্রশাসনকে।

বর্তমানে যে পরিমাণে মৃত্যু সংখ্যা বাড়ছে, অনেক ক্ষেত্রেই বিশেষ করে জেলায় মৃতদেহ সৎকারের জন্য কখনও অনির্দিষ্ট সময় লাগছে, সেই চাপ সামলাতে নতুন জমি খুঁজতে বলা হয়েছে।

আরও পড়ুন