#কলকাতা : শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে রাখা রয়েছে একাধিক হ্যান্ড পাম্প ( Hand Pump )। তুমুল বৃষ্টিতে জল নামানোর কাজে যা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সেই সব হ্যান্ড পাম্প কি বাস্তবে প্রয়োজন হয়? নাকি অহেতুক রেখে খরচের বহর বাড়ানো হয়েছে। সেই সমীক্ষা শুরু করল কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের ( Sewerage Department ) বক্তব্য, অপ্রয়োজনীয় পাম্প তুলে ফেলা হবে। যার জেরে অন্তত প্রতি বছর কয়েক কোটি টাকা খরচ কমবে কলকাতা পুরসভার।
নিকাশি বিভাগ সূত্রে খবর, বর্তমানে ৩৪১টি এমন হ্যান্ড পাম্প শহরের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার মধ্যে ১২২টি কলকাতা পুরসভার নিজস্ব হ্যান্ড পাম্প ( Hand Pump )। বাকিগুলি বিভিন্ন ঠিকাদারি সংস্থার থেকে ভাড়া নেওয়া। সেই পাম্প চালাতে লোক রাখা, তেল খরচ সহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতিবছর এক একটি পম্পের পেছোনে অন্তত ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়।
অর্থাৎ ঠিকাদারি সংস্থা মারফত হ্যান্ড পাম্প ভাড়া বাবদ কলকাতা পুরসভাকে প্রতিবছর অন্তত ৬ কোটি টাকা থেকে ১১কোটি টাকার খরচ গুনতে হয়। যা যথেষ্ট মোটা অংকের টাকা। কিন্তু এই হ্যান্ড পাম্প গুলির মধ্যে অনেক এমন আছে যেগুলোর প্রয়োজন নেই। এমনটাই দাবি করছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা। অন্তত ৩৫-৫০টি পাম্প অকারনে পড়ে রয়েছে। যেগুলোর খরচ পুরসভাকে সামলাতে হয়। কিন্তু সেগুলি খুব একটা কাজে লাগে না।
অর্থাৎ প্রতি বছর অন্তত দেড় কোটি টাকা থেকে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হ্যান্ড পাম বাবদ খরচ অতিরিক্ত করছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক আধিকারিক বলেন, অনেক এমন পাম্প রয়েছে যেগুলো অকারনে পড়ে থাকে। সেগুলো কাজ না করলেও চলে। কিন্তু অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি মেনে আমাদেরকে দিতে হয়েছে। কিন্তু এখন পুরসভা যখন আর্থিকভাবে কিছুটা সমস্যার মধ্যে চলছে, তখন এই অতিরিক্ত খরচ কাটছাঁট করা যায়।
কলকাতা পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর, যে ওয়ার্ডে এমন বাড়তি পাম্প পড়ে রয়েছে সেই ওয়ার্ডগুলি হল ৬২, ১২৩, ১০৯ এবং ৪ নম্বর ওয়ার্ড। ৬২টি ৭টি, ১২৩ নম্বরে ১৩-১৪টি, ১০৯ নম্বরে ৯-১০টি এবং ৪ নম্বর ওয়ার্ডে ৭-৮টি হ্যান্ড পাম দেওয়া আছে। যেগুলির মধ্যে অনেকগুলো বাড়তি। এমনই শহরের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাড়তি হ্যান্ড পাম্প তুলে দিয়ে খরচ কমাতে পক্ষপাতী কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
