অতিমারিতে ঘরেই পৌঁছে যাবে পরিষেবা, সম্বল ডিজিটাল হাতিয়ার

|

রানার ডেস্ক, কলকাতা : আরও স্মার্ট অ্যাপ নিয়ে আসতে চলেছে কলকাতা পুরসভা। সেখানে ঘরে বসেই মিলবে সব রকমের পরিষেবা। বর্তমান আবহে ঘর থেকে বের হলেই সমস্যা। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারপরেও নানাবিধ কাজে কলকাতা পুরসভার মূল কার্যালয় কিংবা স্থানীয় বরো অফিসে নাগরিকের ছড়াছড়ি।

সেই ভিড় পাতলা করতে এবার অনলাইন ব্যবস্থায় আরও জোর দিতে চাইছে পুরসভা। মিউটেশন, সম্পত্তি করের মূল্যায়ন, কর প্রদানসহ নানা বিধ কাজের জন্য ইতিমধ্যেই চালু রয়েছে পুরসভার নিজস্ব অ্যাপস। ওয়েবসাইটেও অনলাইনে পেমেন্ট হয়। কিন্তু তারপরেও অনলাইন পেমেন্ট সেভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। প্রচার কম।

এবার সেই অনলাইন ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে চাইছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। যাতে মানুষ ঘরে বসেই পুরসভার সব ধরনের কাজ করতে পারেন। নিজের ভাবনা প্রসঙ্গে ফোনে ফিরহাদ হাকিম বলেন, আমাদের অ্যাপসকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তোলা হবে। আইটি বিভাগকে এর উপর কাজ করার নির্দেশ দিয়েছি। পুরসভাতে কাউকে আসতে হবে না।

উল্লেখ্য, মূলত প্রবীণ নাগরিকের কথা চিন্তা করেই এই ভাবনা এসেছিল ফিরহাদ হাকিমের মাথায়। সেইসঙ্গে প্রতিদিন নানা ধরনের কর দেওয়া, বিবিধ সার্টিফিকেটের জন্য পুরসভায় জনতার হত্তা দিয়ে পড়ে থাকা, সর্বোপরি বর্তমান পরিস্থিতি করোনা ছোঁয়াচ বন্ধের তাগিদও রয়েছে। শুধু অ্যাপসকে আরও আধুনিক করে তোলাই নয়, অনলাইন ব্যবস্থাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করে তুলতে চাইছেন ফিরহাদ।

এর ফলে অনেক কাজ সহজ হবে। আধিকারিকদের একাংশের গাফিলতি বন্ধ হবে। একাধিক সময় ‘টক টু মেয়র’ কিংবা অধুনা ‘টক টু কেএমসি’তে সম্পত্তি কর সংক্রান্ত নানা ধরনের অভিযোগ আসে। অ্যাপসের মাধ্যমে অনলাইনে এই ধরনের অভিযোগ নথিভুক্ত করা যাবে। এর ফলে একদিকে যেরকম পুরসভা এসে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না। তেমনি ছোঁয়াচ এড়িয়ে যাবতীয় পুর-কাজকর্ম করতে পারবেন নাগরিকেরা।

আরও পড়ুন