টিকা নিয়ে ছেলেখেলার চূড়ান্ত, উধাও কোভ্যাকসিন

|

#কলকাতা : কোভ্যাকসিন ( Covaxin ) ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এবার কোভ্যাকসিন কলকাতা কর্পোরেশনের হাতে এলে শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিনের আর প্রথম ডোজ দেওয়া হবে না। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। পাশাপাশি, কোভ্যাকসিন সেন্টার বন্ধ থাকার পরে হোয়াটসঅ্যাপ বিওটি বুকিং দিনও পরিবর্তন করেছে কলকাতা কর্পোরেশন।

এপ্রসঙ্গে এদিন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) জানিয়েছেন, কোভ্যাকসিন রাজ্যের হাতে নেই। কলকাতা পুরসভার তাই এই টিকা দিতে পারছে না। বহু মানুষ সংকটে পড়েছে। কেন্দ্র কবে টিকা দেবে আমি জানি না। কোভ্যাকসিন যদি শনিবার রাতে আসে তাহলে সোমবার থেকে আবার দেওয়া যেতে পারে। কিন্তু তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

তবে এদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, কলকাতার যে ১৮ টি মেগা সেন্টার রয়েছে, সেখানে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত টিকা দেওয়া হয়ে গেলে পরের দিনের টিকার জন্য কুপন দিয়ে দেওয়া হবে। তবে সেই কুপনেও জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা তাঁর। তাই যাদের কুপন ইস্যু করা হবে, তাঁদের অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড এবং সেগুলির ফটোকপি আনতে হবে।

সেগুলিতে স্ট্যাম্প মেরে দেওয়া হবে। প্রত্যেকটি মেগা সেন্টারে ( Mega Center ) পুলিশ মোতায়েন থাকবে। থানা গুলিকে ওই সেন্টারগুলিতে পুলিশ মোতায়েনের জন্য বলা হয়েছে। পুলিশ এই কুপন দেখে তবেই টিকা দিতে দেবে। ভিড় নিয়ন্ত্রণ এর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা শহরে বাকি যে ১৪৮ টি সেন্টার রয়েছে সেখানে যদি প্রয়োজন হয় তাহলে কুপন ইস্যু করা হবে।

তবে এখন আপাতত মেগা সেন্টারগুলোতে কুপন ইস্যু করা হবে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ নম্বরে টিকা নিতে গেলে রয়েছে নির্দিষ্ট বুকিং নম্বর। কোভ্যাকসিন না থাকায় ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য শহরের ৩৯টি কোভ্যাকসিন টিকাকেন্দ্র বন্ধ রেখেছে কলকাতা পুরসভা। এবার সেই হোয়াটস্যাপ নম্বরের বুকিং করার সময়েরও পরিবর্তন নিয়ে আসা হল।

রক্সি সিনেমা হল, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং সেন্ট জেভিয়ার্সের মেগা সেন্টারে টিকা নেওয়ার জন্য ২১ জুলাইয়ের বুকিংয়ের বদলে ২৬ জুলাই থেকে বুকিং শুরু হবে। অন্যদিকে, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ২৩ জুলাই যে বুকিং রয়েছে, সেগুলি ২৭ জুলাই স্থানান্তর করা হয়েছে। তবে, দিনের পরিবর্তন হলেও সময়সূচী একই রকম থাকছে। যার বুকিং যে সময়ে ছিল তিনি সেই সময়ে আসতে পারবেন বলেই জানাচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন