আঠারোর টিকাপ্রাপ্তি মসৃণ করতে তোড়জোড় পুরসভার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী ৫ মে থেকে শহরের শুরু হচ্ছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকাকরণ। সেই গণ টিকাকরণ প্রক্রিয়া যাতে মসৃণভাবে চলে, তার জন্য নতুন ১০টি মেগা টিকাকরণ কেন্দ্র বা মেগা ভ্যাকসিনেশন সেন্টার খুলছে কলকাতা পুরসভা। ১ মে থেকে অন্তত ২-৩টি এবং ৫ মে’র পরবর্তী সময়ে ধাপে ধাপে মোট ১০টি এই ধরনের মেগা ভ্যাকসিনেশন সেন্টার খোলা হবে।

সেই মেগা সেন্টারগুলোতে মূলত ১৮ বছর বা তার ঊর্ধ্ব থাকা নাগরিককে টিকা দেওয়া হবে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে। দৈনিক টিকাকরণের সংখ্যা ২২ হাজার ছুঁই ছুঁই। বর্তমানে ৪৫ বছর বা তার ঊর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের নতুন নীতি অনুযায়ী ১ মে থেকে ১৮ বছর বা তার বেশি বয়সের নাগরিককে টিকার আওতায় নিয়ে আসা হবে।

কলকাতা পুরসভা ৫ মে থেকে সেই টিকাকরণ কর্মসূচি শুরু করছে। কিন্তু সেই চাপ সামলাতে শহরের ১৬টি বরোয় থাকা বিভিন্ন অডিটোরিয়াম এবং কমিউনিটি হলগুলিকে মেগা ভ্যাক্সিনেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে চাইছে কলকাতা পুরসভা। অহীন্দ্র মঞ্চ, মধুসূদন মঞ্চ, উত্তম মঞ্চ, মোহিত মঞ্চ, ফনীভূষন যাত্রা মঞ্চ সহ উত্তর-দক্ষিণ ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক অডিটোরিয়াম এবং বৃহৎ কমিউনিটি সেন্টারগুলি নজরে রয়েছে কর্তৃপক্ষের।

যেখানে ৪০০-৫০০ জনের বসার ব্যবস্থা করা সম্ভব হয়। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন, একসঙ্গে প্রচুর মানুষকে টিকা দেওয়া হবে। তাই, বড় জায়গা দরকার। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি আকারে অনেকটাই ছোট। তাই প্রেক্ষাগৃহ বা কমিউনিটি হল নিয়ে মেগা সেন্টার তৈরি করা হচ্ছে।

এই মেগা ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে নাগরিকেরা বসে বিশ্রাম নিতে পারবেন। থাকবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা। এই মেগা ভ্যাক্সিনেশন সেন্টারগুলো চালাতে নিজেদের ৫৭৬ জন সাম্মানিক স্বাস্থ্যকর্মীকে কাজে লাগাতে চাইছে পুরসভা। তাঁদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে স্বাস্থ্য ভবনকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন