নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের রাস্তা সংস্কারের ( Road Repair ) কাজে হাত দিল কলকাতা পুরসভা ( KMC )। গত বর্ষায় কার্যত কলকাতার একাধিক রাস্তার হাল বেহাল হয়েছে। খানাখন্দে ভরা পথে যানবাহনের চলা দায়। এই অবস্থায় প্যাচওয়ার্কের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। আপাতত বরাদ্দ ৮-১০ কোটি টাকা। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের অন্তত ১৩০টি বড় রাস্তার হাল যথেষ্ট খারাপ। বিশেষ করে দক্ষিণ এবং সংযুক্ত কলকাতার বেহালা, গার্ডেনরিচ অঞ্চলে একাধিক রাস্তা কার্যত কঙ্কালসার চেহারা নিয়েছে।
ইতিমধ্যেই ২৫টি রাস্তায় প্যাচওয়ার্কের কাজ শেষ করেছে কলকাতা পুরসভা। বাকি গুলির কাজ চলছে। এস পি মুখার্জি রোড, সেন্ট্রাল এভিনিউ, ডায়মণ্ডহারবার রোড, হরিশ মুখার্জি, রাজা রামমোহন রায় সরণি, তারাতলা রোড সহ দক্ষিণ এবং উত্তর কলকাতার একাধিক রাস্তার অনেক জায়গাতেই খানাখন্দে ভরা। বেহালার বীরেন রায় রোড, ঠাকুরপুকুরের এমজি রোড, এসপি মুখার্জি রোড, একে মুখার্জি রোড, গার্ডেনরিচ রোড, এন এস রোড সহ দক্ষিণ কলকাতার ২০-২২টি রাস্তার অবস্থা খারাপ।
একইভাবে উত্তরে কাশীপুর রোড, এপিসি রোড, এজেসি বসু রোড সহ ১০ থেকে ১২টি রাস্তার অবস্থা খুব খারাপ। কয়েকদিন আগেই খবর প্রকাশ হয়েছিল, দু’-একদিন নয় মাসের পর মাস এভাবে কাটলেও রাস্তা সারানোর কোনও উদ্যোগ নেই কলকাতা পুরসভার। তারমধ্যে ঝড়-বৃষ্টিতে রাস্তার পিচ উঠে আরও খারাপ হয়েছে। বর্ষায় কাজ করা যাবে না। তবে, শারদোৎসবের মুখে মেরামত হবে সব রাস্তা, আশ্বাস দিয়েছিল কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
এই বিষয়ে কলকাতা পুরসভার রাস্তা বিভাগের ( Road Section ) দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য রতন দে বলেন, প্রতিবছর বর্ষার পর রাস্তা মেরামতের কাজে হাত দেওয়া হয়। পুজোর আগেই সব রাস্তা সারাই করা হবে। প্রথমে ঠিক ছিল পুজোর ঠিক আগে সেপ্টেম্বর মাসের মেরামতের কাজে হাত দেবে কলকাতা পুরসভা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল রুমে রাস্তা নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত রাস্তা ছাড়া এর কাছে হাত দিয়েছে কলকাতা পুরসভার রাস্তা বিভাগ।
