১০০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনছে কলকাতা পুরসভা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দিল্লি, মহারাষ্ট্র কিংবা গুজরাট, দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। উপচে পড়া করোনা সংক্রমণ। কার্যত নাজেহাল প্রশাসন। পশ্চিমবঙ্গের অবস্থা ততটা ভয়াবহ না হলেও সেই দিকেই যাচ্ছে বলে মনে করছে রাজ্য প্রশাসন। তাই এই রাজ্যে যেন অক্সিজেনের সংকট না দেখা দেয় তার জন্য সব হাসপাতালকে অক্সিজেন প্লান্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, যেন ঘাটতি না দেখা দেয়, তার জন্য অক্সিজেন কনসেনট্রেটর কিনছে কলকাতা পুরসভা। শহরের সবক’টি সেফহোমে এই কনসেনট্রেটরগুলি রাখা হবে। প্রাথমিকভাবে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক একটি কনসেনট্রেটারের দাম পড়বে আনুমানিক ৪৫ হাজার টাকা।

রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে। এই যন্ত্র আকারে ছোট হওয়ার ফলে সহজেই যে কোনও জায়গায় রাখা যায়। ইতিমধ্যেই এই যন্ত্র কেনার জন্য টেন্ডার ডেকেছে কলকাতা পুরসভা। করোনার দ্বিতীয় ঢেউতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

প্রতিদিনই বহু মানুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছে। বেড়ে যাওয়া অক্সিজেনের চাহিদা মেটাতে রাজ্য সরকার অক্সিজেন কনসেনট্রেটর কেনার পরিকল্পনা নিয়েছে। এই কনসেনট্রেটরগুলি কেনা হলে অক্সিজেন সিলিন্ডারের চাপ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

যারা সেফ হোম বা কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে, তাঁদের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে এই অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সেই সমস্যার মোকাবিলা করা সম্ভব। ছোট আকারে পোর্টেবল হওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ। কলকাতা পুরসভা সূত্রে খবর, নির্মাতা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তাও হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি হাতে পাওয়া যাবে।

আরও পড়ুন