বড় ঘোষণা প্রশাসনের, হচ্ছে না কনটেইনমেন্ট জোন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বর্তমানে করোনা সংক্রমণ স্থিতিশীল অবস্থায় রয়েছে। খুব বেশি বাড়ছে না। তাই, আপাতত মাইক্রো কনটেইনমেন্ট হচ্ছে না কলকাতায়। তেমনটা সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। একদিকে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে। ফলে, নতুন করে শহরের ভেতরে মাইক্রো কনটেইনমেন্ট করে আর নাগরিক হয়রানি বাড়াতে চায় না কলকাতা পুরসভা।

দেখা যাচ্ছে, গত ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ১০ দিনে প্রায় আড়াই গুণ বেশি বৃদ্ধি পেয়েছিল সংক্রমণ। যেখানে ১৫ এপ্রিল শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬১৫ জন, সেখানে ২৫ এপ্রিল তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ৩৭৭৯ জন। মাত্র ১০ দিনে ২১৬৪ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারপরেই সেই গ্রাফ মোটামুটি স্থিতাবস্থা বজায় রাখতে শুরু করে। ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সংখ্যাটা ৩৯১৫।

অর্থাৎ ১০ দিনের বেশি সময় ১৩৬ জন আক্রান্ত হয়েছেন। সংখ্যাতত্ত্ব স্পষ্ট করছে, শেষ ১০ দিনে মহানগরে সংক্রমণ মাত্রাতিরিক্ত ছড়ায়নি। ফলে এই অবস্থায় এখনই শহরে মাইক্রো কনটেইনমেন্ট করতে চায় না কলকাতা পুরসভা। জোর দেওয়া হচ্ছে টেস্ট, বাজারে ভিড় নিয়ন্ত্রণে। ১৪৪টি ওয়ার্ডে অটো করে মাইকিং এবং লিফলেট বিলি শুরু হয়েছে।

বিভিন্ন বাজার, বস্তি এবং আবাসনে ফের র‍্যাপিড অন্টিজেন টেস্ট বাড়াতে চাইছে কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায় চৌধুরী বলেন, বর্তমান যা পরিস্থিতি এটা যদি চলতে থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে করোনা গ্রাফ নিম্নমুখী হতে শুরু করবে। সেই কারণেই আপাতত মাইক্রো কনটেইনমেন্ট করা হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে যদি ফের সংক্রমণের বাড়বাড়ন্ত হয় তাহলে নতুন করে ভাবনা চিন্তা হবে।

আরও পড়ুন