কলকাতার বাজারগুলিতে ব্যবসায়ীরা কোভিড পরীক্ষায় রাজি নয়

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সংক্রমণ রুখতে শহরের ১০টি বড় পুর বাজারে স্যানিটাইজার স্ট্যান্ড বসিয়েছে কলকাতা পুরসভা। চলছে সচেতনতা প্রচারে মাইকিং। তবে, বাজারের ব্যবসায়ীরা করোনা পরীক্ষা করাতে চাইছেন না। যার ফলে বাজারে গতি পায়নি টেস্টিং। জোর করে কোনও কিছু সম্ভব নয়, তাই হাত বাঁধা কলকাতা পুরসভার।

কলকাতা পুরসভা জানিয়েছে, আপাতত ১০টি বড় পুর বাজারে স্যানিটাইজার স্ট্যান্ড বসানো হয়েছে। হগ মার্কেট, গড়িয়াহাট, এন্টালি, কলেজ স্ট্রিট, পাক সার্কাস নিউ আলিপুর, বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডের এসএনরায় রোড মার্কেট, বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের ভোলানাথ মুখোপাধ্যায় মার্কেট , সখেরবাজার মার্কেট, মানিকতলা-কাঁকুড়গাছি মার্কেট- এই বাজারগুলিতে বসানো হয়েছে।

সম্প্রতি, অনেক বলেকয়ে শহরের দুটি বড় মার্কেটে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল পুরসভা। কলেজ স্ট্রিট এবং বাঁশদ্রোণী কালিতলা মার্কেট। পরীক্ষার রিপোর্ট অবশ্য সন্তোষজনক কলেজ স্ট্রিট মার্কেটে।সেখানে ৭২ জলের মধ্যে দু’জন পজিটিভ।

অন্যদিকে কালিতলা বাজারে ৮১ জনের টেস্ট করা হয়েছে। কিন্তু এখনও রিপোর্ট হাতে আসেনি। কলকাতা পুরসভার এক কর্তা বলেন, আমরা তো আর জোর করতে পারি না। অনেকবার বলা হয়েছে। কিন্তু তারপরেও ব্যবসায়ী সমিতিগুলি কথা শুনছে না।

আরও পড়ুন