সাইকেলেই ঘোরা যাবে গোটা শহর

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতা শহরে তৈরি হবে সাইকেল চালানোর নির্দিষ্ট পথ। শহরে সাইক্লিং জোন ও সাইক্লিং পথের জন্য রোড ম্যাপ তৈরির সমীক্ষা হয়েছে। একদিকে স্বাস্থ্যের পক্ষে উপযোগী। অন্যদিকে নির্ঝঞ্ঝাট, পরিবেশবান্ধব আপাত নিরীহ প্যাডেল যান বইসাইকেল। লগডাউন কিংবা আনলকের বাজারে যার গুরুত্ব হু হু করে বেড়েছে।

সেই গুরুত্বকে সীলমোহর দিয়ে এবার শহর কলকাতায় সাইকেল বে নির্মাণ করছে প্রশাসন। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই সাইকেল লেন উপহার পাবে শহরবাসী। ব্রিটেন, আমেরিকা, কানাডা, রাশিয়া, জার্মানিও পারে । নিজের চোখে তা চাক্ষুষ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে কলকাতাই বা পিছিয়ে থাকবে কেন?

সেখান থেকেই এই ভাবনা এসেছিল স্বাস্থ্যসচেতন মুখ্যমন্ত্রীর। নিজে হাঁটেন। শরীরচর্চা করেন। তাই, কলকাতার মানুষকে আরও উৎসাহ দিতে চান তিনি। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তব রূপ দিতে চলেছে কেএমডিএ। দিল্লির একটি সংস্থাকে সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০০৮ সালে শহরের ৩৮টি রাস্তায় সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়।

পরে, ২০১৪ সালে আরও ২৪টি রাস্তায় বাইসাইকেল নিষিদ্ধ হয়। বর্তমানে কিছু রাস্তায় শহরে সাইকেল চললেও তার জন্য নির্দিষ্ট কোনও পথ নেই। অন্যদিকে, পরিকল্পিত শহর নিউটাউনে সাইকেলের জন্য নির্দিষ্ট ট্র্যাক রয়েছে। রাজ্যের একমাত্র এই শহরেই ২৯ কিলোমিটার পথ শুধুমাত্র বাইসাইকেলের জন্য ‘ ডেডিকেটেড’।

এবার শহর কলকাতাতেও তেমনি ট্র্যাক তৈরির পরিকল্পনা। যদিও যানজট বাড়ারও সম্ভাবনা থাকছে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তৈরি হয়েছে সাত সদস্যের কমিটি। কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, কনসালটেন্সি এজেন্সি, খড়গপুর আই আই টি এবং পরিবহন দপ্তর।

সমীক্ষা রিপোর্ট তাদের কাছে জমা পড়েছে। খরচ ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের কোন রাস্তায় কীভাবে সাইকেল চালানো সম্ভব, তার পুঙ্খানুপুঙ্খ বাস্তব পরিস্থিতি বিচার করে তৈরি হবে রোড ম্যাপ।

এক শীর্ষ পুর – আধিকারিক জানিয়েছেন, এমনিতেই শহর কলকাতার বেশিরভাগ রাজপথ খুব একটা যে চওড়া এমনটা নয়। তাই সবদিক ভেবেচিন্তে মানচিত্র নির্মাণের কাজ হবে। মূলত ফুটপাত কম করে বা কিছু পার্কিং এলাকা ব্যবহার করা যায় কিনা সেই ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন