নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বাইপাস সংলগ্ন খাল এবং সেখানকার পাম্পিং স্টেশন গুলির জল নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা ( kolkata Municipal Corporation)। আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার নিকাশি বিভাগকে এই মর্মে প্রজেক্ট রিপোর্ট জমা দিতে বলেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )।
বৃহস্পতিবার রুবি মোড় সংলগ্ন নোনাডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন ( Pumping Station ) ও খাল এবং বি বি ওয়ান খাল ( অভিষিক্তা মোড় সংলগ্ন ) পরিদর্শন করেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। যাদবপুর এবং টালিগঞ্জ এলাকায় জমা জল নিয়ে দুর্ভোগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক বৃষ্টিতে কার্যত ভেঙে পড়েছিল। তার জেরে যেখানে কোনও দিন জল জমে না, তেমন জায়গাতেও জল টানা কয়েকদিন ঠায় দাঁড়িয়েছিল।
যার সমস্যা সমাধানে এবার আসরে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বাইপাসের ওপর বিভিন্ন নিকাশি খাল থেকে তাদের সরঞ্জাম তুলে নিয়ে স্রোতের মুখে বাধা কাটানো হবে। তেমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলছে। যে কাজ করছে রেলওয়ে বিকাশ লিমিটেড বা আর ভি এল এল।
ফিরহাদ হাকিম বলেন, মেট্রো করিডরের কাজের জন্য যে খালের চ্যানেলের ওপর দিয়ে পাইলিং কংক্রিটের পাইলিং করা হয়েছে, সেগুলি মেট্রো কর্তৃপক্ষ সরিয়ে দেবে। যাতে জলস্তর ঠিকমতো থাকে এবং খালের জল ঠিকমতো নিষ্কাশিত হতে পারে। পাশাপাশি ১০৯ নম্বর ওয়ার্ডে পুরনো একটি কালভার্ট কম উঁচু থাকায় খালের জল তার তলা দিয়ে ঠিকমতো নিষ্কাশিত হতে পারছে না।
যার জন্য ওই কালভার্ট ভেঙ্গে নতুন উঁচু ব্রিজ করে দেওয়ার জন্য কেএমডিএকে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। বাইপাস জুড়ে তৈরি হয়েছে একের পর এক সুউচ্চ অট্টালিকা। সেখানকার নিত্যদিনের নোংরা জল প্রতিনিয়ত বার হয়ে নিচু জায়গায় জমা হচ্ছে। ওই অঞ্চলে নিকাশি নালার থাকলেও প্রতিনিয়ত নতুন নতুন বসবাসকারীর চাপে তার কর্মক্ষমতা হারিয়ে গেছে। ফলে নতুন করে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মনে করে কলকাতা পুরসভা।
যার জন্য ইতিমধ্যেই নিকাশি এবং জঞ্জাল সাফাই বিভাগকে প্রজেক্ট রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম। দু’দিন আগে যাদবপুর এলাকার শাসকদলের কো-অর্ডিনেটররা দল বেঁধে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে যান। তারা বিষয়টি তাকে বিস্তারিত জানান এবং সমাধানের পথ খুঁজে দিতে বলেন। তারপরেই ফিরহাদ খালগুলি পরিদর্শন করলেন।
