অনলাইনে মিলবে বার্থ সার্টিফিকেট

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : লকডাউনে অনলাইনে আপাতত জন্ম শংসাপত্র বা বার সার্টিফিকেটের আবেদন নেওয়া চালু করছে কলকাতা পুরসভা। আগামী দিনে আবেদনের পাশাপাশি প্রাপ্তিটাও যেন অনলাইনে হয় সেই ব্যবস্থাও চালাচ্ছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে মৃত্যু শংসাপত্রের আবেদনও অনলাইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানাচ্ছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে জন্ম শংসাপত্রের আবেদন অনলাইনে নেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারী সমস্ত নথিপত্র অনলাইনে জমা দেবেন। আবেদনকারী নিজেই নির্দিষ্ট দিন অনলাইনে দিয়ে দিতে পারবেন। সেই অনুযায়ী ওই দিনে পুরসভায় এসে সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবেন আবেদনকারী।

সরকারি হাসপাতাল এবং বিভিন্ন নার্সিংহোমে শিশুর জন্ম হলে কর্তৃপক্ষ সমস্ত নথিপত্র অনলাইনে সেই সার্ভারে আপলোড করে দেবে। সেই তথ্য খতিয়ে দেখেই দেওয়া হবে সার্টিফিকেট। আপাতত পরখ করে দেখার জন্য জন্ম শংসাপত্র দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। করোনাকালে লকডাউনে শংসাপত্র নিতে প্রচুর ভিড় জমছিল কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে।

সেই ভিড় থেকে সংক্রমণ এড়াতে চালু হয় ড্রপবক্স। যেখানে ফোন নম্বর সহ আবেদন জমা করে যাচ্ছিলেন আবেদনকারীরা। নির্দিষ্ট সময়ে সেই নম্বরে ফোন করে ডেকে নেওয়া হচ্ছিল আবেদনকারীকে। যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সার্টিফিকেট পেতে লেগে যাচ্ছে ২-৩ মাস। সেই সুযোগ নিয়ে জাল ছড়িয়েছে অসাধু দালাল চক্র। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার বিষয়টি নিজে তত্ত্বাবধান করছেন।

তবে পুরোপুরি অনলাইন করতে এখনও কিছুটা সময় লাগবে। এক শীর্ষকর্তা বলেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর, হলোগ্রাম দেওয়া সার্টিফিকেট ডিজিটাল কিভাবে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা চলছে। সেটা কয়েক মাসের মধ্যেই করে দেওয়া হবে। তখন আবেদন নেওয়া এবং শংসাপত্র দেওয়া দুটোই অনলাইনে করা সম্ভব হবে।

তারপর আগামী দিনে মৃত্যু শংসাপত্র কিভাবে অনলাইনে দেওয়া যায় সেই ব্যাপারেও পরিকল্পনা চলছে। সার্টিফিকেট পিছু টাকা দেওয়ার বিষয়টি অনলাইন এবং অফলাইন অর্থাৎ সার্টিফিকেট নেওয়ার সময় পুরসভার কাউন্টারেও দেওয়া যাবে। স্বাস্থ্যবিভাগের কর্মীদের সঙ্গে একাংশের চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মী, চালকদের যোগসাজশে সার্টিফিকেট নিয়ে যে দালালচক্র গজিয়ে ওঠার অভিযোগ দানা বেঁধেছে তা বন্ধ করা সম্ভব হবে।

আরও পড়ুন