নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গড়িয়া মেট্রো সংলগ্ন তিনটি অঞ্চলের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী কলকাতা পুরসভা। তৈরি হবে নতুন জলাধার। উপকৃত হবেন প্রায় ৪৫০০ মানুষ। ঠিক হয়েছে, ব্রিজি প্রণবানন্দ রোড, ভ্যালি পার্ক, শ্রীরামপুর কাঁচা ভিআইপি অঞ্চলের বাসিন্দাদের জন্য ০.২ মিলিয়ান গ্যালনের একটি আংশিক ভূগর্ভস্থ এবং মাটির ওপরে থাকা রিজার্ভার তৈরি করবে কলকাতা পুরসভা।
কি কারণে এই জলাধারের প্রয়োজনীয়তা? স্থানীয় বাসিন্দাদের দাবি, জলের চাপ অত্যন্ত কম থাকায় মাঝেমধ্যেই ঠিকমতো জল পাওয়া যায় না। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, ওই অঞ্চলটি ১১০ নম্বর ওয়ার্ডের অন্যান্য এলাকা থেকে কিছুটা উঁচু। ফলে ভৌগোলিক কারণে পানীয় জল পৌঁছানোর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে।
এই প্রসঙ্গে স্থানীয় ১১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অরূপ চক্রবর্তী বলেন, আমাদের ওয়ার্ডে কোথাও ডিপ টিউবওয়েল নেই। আমাদের ওয়ার্ডে সমস্ত জায়গাতেই জল সরবরাহ যথেষ্ট ভালো। নির্দিষ্ট করে এই অঞ্চলটা পাটুলি জলের ট্যাঙ্ক থেকে দূরবর্তী স্থানে অবস্থান করার পাশাপাশি একটু উঁচু হওয়ায় এখানে জলের চাপ কম।
ফলে এখানে রিজার্ভার তৈরি হয়ে গেলে আমার ওয়ার্ডের ১০০% পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি দাকে এই উদ্যোগের জন্য ওই অঞ্চলের সকল বাসিন্দাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অরূপ।
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোট পরবর্তী সময়ে পাটুলিতে দ্বিতীয় জলাধার উদ্বোধনের সময় ১১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অরূপ চক্রবর্তী কলকাতা পুরসভার তৎকালীন মেয়র তথা বর্তমানের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন অঞ্চলে প্রণব নগর শক্তি সংঘ ক্লাবের পাশে একটি ১৪-১৫ কাঠা জমি চিহ্নিত করা হয়। যদিও জমিটি ছিল কেএমডিএ’র। সেই জমি কলকাতা পুরসভাকে হস্তান্তর করেছে কেএমডিএ।
