লক্ষ্য দ্রুত নাগরিক পরিষেবা প্রদান, তৈরি হচ্ছে বরো ভিত্তিক পরিকাঠামো

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের নাগরিক পরিষেবা আরও ভালো করার লক্ষ্যে এবার অভিনব পদক্ষেপ নিল কলকাতা পুরসভা ( KMC )। শহরবাসীর সমস্যার চটজলদি সমাধানে সপ্তাহে সমস্ত বরো অফিসে একদিন করে বৈঠক করতে হবে। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার ( Vinod Kumar )। সেই সঙ্গে পুরসভার আপৎকালীন বিভাগের মধ্যে সমন্বয় বজায় রাখতে নয়া কৌশল শীর্ষ কর্তৃপক্ষের।

নির্দেশিকা অনুসারে, প্রতি সোমবার বেলা ২ টোয় বৈঠক হবে। জরুরি পরিষেবা প্রদানকারী বিভাগগুলি অর্থাৎ রাস্তা, আলো, নিকাশি, জঞ্জাল সাফাই, জল-সরবরাহ এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা থাকবেন। নিত্যদিন পুরসভায় শহরের নাগরিকবর্গের যে অভিযোগ জমা হয়, সেই সমস্যার সমাধান করতেই এই বৈঠকের নির্দেশ কমিশনারের। সেইসঙ্গে নির্দেশিকা আরও বলা হয়েছে, প্রত্যেকটি বরোয় পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নোডাল অফিসার হিসেবে এই বৈঠক পরিচালনার দায়িত্বে থাকবেন।

সংশ্লিষ্ট আপৎকালীন বিভাগের এক এক জন করে আধিকারিকদের নিয়ে তৈরি করতে হবে বরোভিত্তিক কমিটি। দ্রুত সমস্যার সমাধান করতে হবে। যার জন্য প্রত্যেকটি বিভাগের মধ্যে সমন্বয় জরুরি। সেই কারণেই এই ধরনের বৈঠকের প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। ওই বৈঠকে মাঝেমধ্যে হাজির থাকবেন কমিশনার বিনোদ কুমার সহ-পদস্থ কর্তারাও। একদিকে নাগরিক সমস্যা সমাধানে খোদ প্রতি সপ্তাহে বিশেষ অনুষ্ঠানে হাজির থাকেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, নাগরিকদের পানীয় জল, নিকাশি, আলো, জঞ্জাল নিয়ে যাতে কোনও সমস্যা পোহাত না হয়, সেজন্য পুরসভার প্রধান কার্যালয়ের সঙ্গে বরোর অফিসারদের সমন্বয় থাকা জরুরি। সে-কারণেই এই পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে শহরবাসী উপকৃত হবেন বলেই দাবি ফিরহাদের। গত সপ্তাহ থেকে সরাসরি ভার্চুয়ালি শহরবাসীর সমস্যা শুনছেন পুরসভার কমিশনাররা।

নাগরিক পরিষেবা প্রদানে এমনিতেই যথেষ্ট সক্রিয় কলকাতা পুরসভা। সেই কাজকে আরও ত্বরান্বিত করতে নবতম সংযোজন বরোভিত্তিক এই সাপ্তাহিক বৈঠক। এক শীর্ষকর্তা বলেন, নিত্যদিন নানা বিধ বিষয় নিয়ে নাগরিক অভিযোগ জমা পড়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে নাগরিক অভিযোগের ঠিকঠাক সমাধান হচ্ছে না। কিংবা কোনও উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। নয়া পদক্ষেপে সেই সমস্যা মিটবে বলেই দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন