পাম্পিং স্টেশনে কাজে গাফিলতির অভিযোগ, বসছে সিসিটিভি

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত কয়েকদিন আগের বৃষ্টিতে কার্যত লেজেগোবরে হয়েছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। বিভিন্ন পাম্পিং স্টেশন ( Pumping Station) ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ। এর জন্য একাংশের নিচুতলার কর্মীদের গাফিলতি রয়েছে বলেই মনে করছে কলকাতা পুরসভা। যার ফলে নিকাশি বিভাগ এবার কড়া পদক্ষেপ নিল। শহরের ৭৬টি পাম্পিং স্টেশন এ বসতে চলেছে বায়োমেট্রিক ( Biometric ) হাজিরা।

লাগানো হবে নজরদারি ক্যামেরা। অন্তত ২৫০ থেকে ২৭০টি সিসিটিভি ( CCTV ) লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোথায় কত পাম্প চলছে, কর্মচারীরা ঠিকঠাক কাজ করছেন কিনা সবকিছুই সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে থাকবে মূল সার্ভার। সেখান থেকে বিভিন্ন পাম্পিং স্টেশনের প্রতিদিনের কাজকর্ম ধরা পড়বে। এছাড়াও নতুন নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ ( Sewerage Department )।

পাম্প চালানো হবে কিভাবে, কতক্ষণ চলবে, স্টেশনে নিকাশি বিভাগের আধিকারিকদের দায়িত্ব কী হবে, সহ মোট ৩৮টি বিষয়ে নিকাশি বিভাগ নতুন নির্দেশিকা বা ‘এস ও পি’ তৈরি করল। এতদিন মান্ধাতার আমলের নির্দেশিকা ছিল নিকাশি বিভাগের। কিন্তু গত সপ্তাহে বর্ষায় জলমগ্ন হয়েছিল শহর। সেই জলমগ্ন কারণ খতিয়ে দেখতে গিয়ে নিকাশি পাম্পিং স্টেশনগুলোর গাফিলতি ধরা পড়েছে। সেই কারণেই “এস ও পি” বা বিশেষ নিয়মাবলী তৈরি করতে বাধ্য হল কলকাতা পুর প্রশাসন।

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসকমন্ডলীর সদস্য তারক সিং একটি বৈঠক করেছেন। বিভাগের বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত ঠিকাদার এবং তাদের কর্মীরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরই এই “এস ও পি ” তৈরির সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া, আরো বেশকিছু গাফিলতি ধরা পড়েছে মনিখাল পাম্পিং স্টেশনেও বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। যে কারণে বেহালা মহেশতলা পর্ণশ্রী ডায়মন্ড হারবার রোডের দুধারে দিনের পর দিন জল জমে ছিল এবং এখনো বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে।

সংশ্লিষ্ট পাম্পিং স্টেশন পুর কর্মীদের গাফিলতি, সেচ বিভাগের গাফিলতি এবং রেলের গাফিলতির জন্য যে ওই এলাকার জল নিষ্কাশিত হতে পারছে না তা তিনি মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। প্রত্যেকটি জায়গায় গাফিলতি ধরা পড়েছে বলে তিনি রিপোর্টে জানিয়েছেন। এই গাফিলতির বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় তা তিনি মেয়রের কাছে রিপোর্টে জানিয়েছেন।

আরও পড়ুন