কলকাতা : কলকাতায় এবার আরও একটি ফুটওভার ব্রিজ ( Footover Bridge ) বানাতে চলেছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation)। নাগরিক সুবিধার্থে পথচলতি মানুষের কথা ভাবনা-চিন্তা করেই এসএসকেএম ( SSKM ) হাসপাতালের নতুন ট্রমা কেয়ার ( Trauma care ) ইউনিট সংলগ্ন টার্ফ ( Turf Tower টাওয়ারের সামনের রাস্তায় এই ফুটব্রিজ গড়ে তোলা হবে। তেমনটাই কলকাতা পুরসভা এবং কেএমডিএ (KMDA ) কর্তৃপক্ষ জানিয়েছে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, যেহেতু সেই এলাকায় সেনাবাহিনীর আওতাভুক্ত, তাই সেনার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বেশ কয়েক মাস হয়ে গেলেও সেই অনুমতি এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে। ফলে কাজ শুরু যাচ্ছে না বলেই পুরসভা সূত্রে দাবি করা হয়েছে। লালবাজারে ( Lal Bazar তরফে পুরসভার কাছে ওই অঞ্চলে আমজনতার রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ তৈরি প্রস্তাব দেওয়া হয়েছিল।
ওখানে একাধিক ক্রসিং থাকার কারণে পথচলতি মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। ট্রাফিক সামলে রাস্তা এপার-ওপার করানোর ক্ষেত্রে পুলিসকে ঝঞ্ঝাট পোহাতে হয়। সেই কারণেই এই ফুটওভার ব্রিজ তৈরির ভাবনা-চিন্তা। ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানার ( Alipore Zoological Garden ) সামনে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে আধুনিক এসকেলেটার চালিত ফুটওভার ব্রিজ তৈরি করেছে পুরসভা।
বর্তমানে পিপিপি মডেলে (PPP Model ) এক্সাইডের সঙ্গে যৌথ উদ্যোগে রবীন্দ্রসদন এক্সাইড মোড়ে আরও একটি এই ধরনের ব্রিজ বানানোর কাজ চলছে। সেনাবাহিনীর অনুমতি মিললে দ্রুত টার্ফ টাওয়ার সংলগ্ন এই পায়ে হাঁটা আধুনিক উড়ালপথ তৈরির টেন্ডার ডাকা হবে। সেক্ষেত্রে পুরসভা সেটা নিজে তৈরি করবে নাকি পিপিপি মডেলে হবে, তা এখনও স্পষ্ট নয়।
টাওয়ারের এপার থেকে ওপারে রেসকোর্স ( Race Course ) পর্যন্ত ফুটপাতে ফুটওভার ব্রিজ টানতে হলে তার দূরত্ব বেশি হবে। স্বাভাবিকভাবেই খরচও বেশি হবে। দু’দফায় চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত সেনার কোনও উত্তর আসেনি, দাবি এক পুর- আধিকারিকের। পাশাপাশি, শিয়ালদা আর আহমেদ ডেন্টাল কলেজের সামনেও একটি ফুটওভার ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে।সেখানকার রোগী, রোগী-পরিজন থেকে চিকিৎসক এবং অন্যান্য স্টাফেরা সেটা ব্যবহার করবেন।
