আসল আইডি নিয়েই ঘুড়তেন ভুয়ো দেবাঞ্জন? কাঠগড়ায় পুরসভা

|

কলকাতা : ভুয়ো IAS দেবাঞ্জন দেবের ( Debanjan Deb ) আই কার্ড নকল হলেও আইডি নম্বর আসল! এবার এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কলকাতা পুরসভার ( KMC ) যুগ্ম কমিশনার হিসেবে নকল আইকার্ড ( Fake Id Card ) তৈরি করেছিল দেবাঞ্জন। কলকাতা পুরসভার আভ্যন্তরীণ তদন্তে এমনটাই উঠে এসেছে। কার্ডটির এমপ্লয়ি আইডি ২৫৭৫৭। এই নম্বরের আইডি কার্ড ব্যবহার করেছিল প্রতারক দেবাঞ্জন।

নিজেকে তিনি কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়েছিল দেবাঞ্জন। সেই ডেজিগনেশন বা পদ ছিল সম্পূর্ণ ভুয়ো। কিন্তু কলকাতা পুরসভা সূত্রে খবর, আইডি কার্ডের নম্বরগুলি আসল। সেই নম্বর পুরসভার একজন প্রাক্তন কর্মীর। যাঁর নাম সুভাষ পাল। তিনি পুরসভার বাজার বিভাগের একজন সাব ইন্সপেক্টর ছিলেন। গত ৩১ অক্টোবর তিনি অবসর নিয়েছেন।

নৈহাটির বাসিন্দারাই বাসিন্দা সুভাষবাবু দীর্ঘদিন ধরেই শারীরিকভেবে অত্যন্ত অসুস্থ। রয়েছে হৃদপিন্ডের সমস্যা। শ্বাসকষ্টজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি ভুগছেন। এমত অবস্থায় বিষয়টি জানতে পেরে মাথায় হাত সুভাষবাবুর। অত্যন্ত অস্বস্তিতে পড়েছেন তিনি। ফোনে তাঁকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। বিষয়টি জানতে পেরে তিনি পুরসভায় কথাও বলেছেন বলে জানিয়েছে সুভাষবাবুর পরিবার।

বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত তাঁরা। পরিবারের এক মহিলা সদস্য বলেন, উনি অত্যন্ত অসুস্থ। আমরা পুরসভার সঙ্গে কথা বলেছি। কিভাবে কী হয়েছে, বলতে পারব না। কলকাতা পুরসভা বিষয়টি দেখছে। এই অসুস্থতার মধ্যে আর ফোন করে আমাদের বিব্রত করবেন না। এই বলে ফোন রেখে দেন তিনি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুর কর্তৃপক্ষ। একজন প্রাক্তন কর্মীর আইডি নম্বর কিভাবে দেবাঞ্জনের হাতে গেল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

তাহলে কি পুরসভার কোনও কর্মী এই ঘটনার পিছনে যুক্ত? যিনি দেবাঞ্জনকে আসল এমপ্লয়ি আইডি সরবরাহ করেছিলেন। এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে পুরসভার অলিন্দে। যদিও এই প্রসঙ্গে এক শীর্ষকর্তা বলেন, ওই আইকার্ড সম্পর্কে আমাদেরকে পুলিস জিজ্ঞাসা করেছে। আমরা জানিয়ে দিচ্ছি, এমন কোনও আইকার্ড আমরা ইস্যু করিনি।

তবে, সেই নম্বর সঠিক বা বেঠিক কিনা তা আমরা বলতে পারব না। কলকাতা পুরসভা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কিভাবে একজন প্রাক্তন কর্মীর আইডি নম্বর অভিযুক্ত দেবাঞ্জনের হাতে গেল, তা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কলকাতা পুরসভা।

আরও পড়ুন