সাইকেল চলবে কলকাতায়, সবুজ সঙ্কেত ছয়টি রুটে

|

Kolkata Bicycles Routes : কলকাতার পথে সাইক্লিং জোন ও সাইক্লিং পথের জন্য রোড ম্যাপ তৈরির কাজ জোরক gbদমে এগোচ্ছে। সার্ভের কাজে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ইতিমধ্যেই ১২টি রুট চিহ্নিত করেছে বলেই কলকাতা পুরসভা ( KMC )এবং কেএমডিএ ( KMDA ) সূত্রের খবর। যার মধ্যে প্রাথমিকভাবে ছ’টি রুট চূড়ান্ত হয়েছে। সেগুলি হল-হাওড়া থেকে ধর্মতলা, বেহালা-ধর্মতলা, বেহালা-সেক্টর ফাইভ, ধর্মতলা থেকে সল্টলেক, শিয়ালদা থেকে ধর্মতলা এবং খিদিরপুর-হাওড়া।

কলকাতা পুরসভা ও কেএমডিএ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শহরের রাস্তায় ডেডিকেটেড সাইকেল ট্র্যাক তৈরি করতে প্রতিটি রাস্তার অন্তত ২ শতাংশ জায়গা প্রয়োজন। তেমনটাই সার্ভেতে উঠে এসেছে। যে রুটগুলি প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, সেখানে কোন কোন রাস্তা দিয়ে সাইকেল চলবে, কোথায় কোথায় কীভাবে ক্রসিং লাইন টানা হবে সেটা খতিয়ে দেখছে সমীক্ষা সংস্থা। সেই সমস্ত রাস্তা থেকে পার্কিং ছাটাই বা সরানো হবে।

প্রয়োজনে সেই রাস্তার কিছু অংশ থেকে হকারদের পথের দুদিকে না রেখে একদিকে সারিবদ্ধভাবে বসানোর ব্যবস্থা করবে প্রশাসন। পার্কিং সরানো হলে তার জন্য বিকল্প ব্যবস্থাও চিন্তাভাবনায় রয়েছে কেএমডিএ’র। পাশাপাশি, পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সে দিকটাও মাথায় রাখতে হচ্ছে সমীক্ষা সংস্থাকে। সবদিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই রোডম্যাপ তৈরি করছেন তাঁরা।

পাশ্চাত্যের দেশ ব্রিটেন, আমেরিকা, কানাডা, রাশিয়া, জার্মানিও পেরেছে। নিজের চোখে সেখানকার রাস্তায় সাইকেল করিডোর চাক্ষুষ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কলকাতাই বা পিছিয়ে থাকবে কেন? মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তব রূপ দিতেই কেএমডিএ হাতে নেয় এই প্রজেক্ট। কনসালটেন্সি এজেন্সির নিয়োগ করতে টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে বরাত পায় দিল্লির একটি সংস্থা।

তৈরি হয় সাত সদস্যের কমিটি। কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, কনসালটেন্সি এজেন্সি, খড়গপুর আই আই টি এবং পরিবহন দপ্তর। সমীক্ষা করে কনসালটেন্সি এজেন্সি এই কমিটির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে। কলকাতায় সাইকেল করিডোর তৈরির কাজ খুব সহজেই করা সম্ভব হবে না।

আরও পড়ুন : সাইকেলেই ঘোরা যাবে গোটা শহর

সেটা স্বীকারও করছেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, কলকাতা অপরিকল্পিত শহর। এখানকার ওয়েদারও ইউরোপের মত সাইকেলের চালানোর জন্য আদর্শ নয়। কিন্তু কিছু সাইকেলপ্রেমী মানুষ রয়েছেন। তাছাড়া সাইকেল পরিবেশবান্ধব যান। তাই সেই সব চিন্তা-ভাবনা করেই কাজ এগোবে।

আরও পড়ুন