রানার ডেস্ক : গ্রেফতার হলেন মুফতি শফিউল্লাহ। তাকে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার করা হয়েছে। ঢাকা পুলিশ সূত্রে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে ঢাকা শহরতলি থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ফেফাজতে ইসলাম নামে উগ্র মৌলবাদী এই মুসলিম সংগঠনটির প্রচার সম্পাদক পদে আছেন শফিউল্লাহ।
শুধু শফিউল্লাহ নন, এই সংগঠনের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গত মাসে ঢাকায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোদিকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। সেই আমন্ত্রণের তীব্র বিরোধিতা করে রাস্তায় নামে হেফাজতে ইসলাম।
মোদি মুসলিম বিরোধী এই অভিযোগে হাসিনা সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করে হেফাজত। শুরু হয় লাগাতার আন্দোলন। কিন্তু সরকার সেই চাপে নত না হয়ে নিজের সিদ্ধান্তেই অনড় থাকে।বাংলাদেশ সরকারের বক্তব্য ছিল, তারা ব্যক্তি মোদিকে নয়, আমন্ত্রণ করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে ভারত।
সেই বাংলাদেশ এখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করবে আর ভারত তাতে অংশ নেবে না সেটা কখনই গ্রহনযোগ্য নয়। যদিও নিজেদের দাবিতেই অনড় থাকে ফেফাজতও। মোদি ঢাকায় পা রাখতেই তাদের আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে ওঠে। পুলিশের ওপর আক্রমণ, বাস থেকে দোকানপাট, সর্বত্র আগুন দিতে শুরু করে তারা। শুরু হয় পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। একাধিক ব্যক্তির মৃত্যু হয়। ক্ষতি হয় মোটা টাকার সরকারি সম্পত্তি। এবার ফেজতের নেতাদের খুঁজে খুঁজে গ্রেফতার করতে শুরু করেছে ঢাকা পুলিশ। মুফতি শফিউল্লাহ প্রচার সচিব হিসেবে উস্কানিমূলক প্রচার করেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন বলে অভিযোগ।
