ব্যবসায়ীদের ফোন করে টাকা তুলছে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগ

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এই মুহূর্তে দাঁড়িয়ে দোকানে দোকানে গিয়ে অভিযান চালানো সম্ভব নয়। তাই বাড়িতে বসে ফোন করে ব্যবসায়ীদের থেকে বকেয়া টাকা তুলছেন কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের কর্মীরা। যার জেরে টাকা আদায় জোয়ার এসেছে বলেই দাবি করছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ, সেইসঙ্গে আংশিক লকডাউন। তার মধ্যেও কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের আয় গতি পেয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন অর্থবছরে শুরুর মাত্র এক মাসেই (৬ এপ্রিল থেকে ৭ মে) ৬ কোটি ৮৫ লক্ষ টাকা ঢুকেছে লাইসেন্স বিভাগের কোষাগারে। গতবছর এই পরিমান টাকা দু’মাসে আদায় হয়েছিল।

যদিও এই আয় বৃদ্ধি গতি পাওয়ার পেছনে বকেয়া পড়ে থাকা টাকা আদায় রয়েছে। সাড়ে সাত লক্ষ লাইসেন্সের মধ্যে প্রায় চার লক্ষ লাইসেন্সের বিপুল টাকা বকেয়া পড়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দোকানে দোকানে অভিযান চালানোর বদলে ফোন করে টাকা তোলার ওপর জোর দিয়েছেন লাইসেন্স বিভাগের কর্তারা।

বাড়িতে বসে ৮০ জন কর্মী-আধিকারিক ব্যবসায়ীদের ফোন করছেন। প্রত্যেকের টার্গেট প্রতিদিন অন্তত ৩০ জনকে জনকে ফোন করা অর্থাৎ প্রতিদিন অন্তত ২৪০০ জন ব্যবসায়ীকে ফোন করে টাকা তোলা হচ্ছে।

এক আধিকারিক বলেন, আমাদের টার্গেট এই অর্থবর্ষে রেকর্ড পরিমাণ আদায় বৃদ্ধি। অন্তত লাইসেন্স থেকেই ৭০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। বর্তমান পরিস্থিতির অবনতি না ঘটলে অনায়াসেই সেই টার্গেট ছুঁতে পারব।

আরও পড়ুন