অক্সিজেনের অভাবে এবছর নোংরা জলে হাবুডুবু খাবে কলকাতা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অক্সিজেনের অভাবে বলা ভালো অক্সিজেন সিলিন্ডারের অভাবে আটকে কলকাতা পুরসভার পাম্পিং স্টেশনের কাজ। সিলিন্ডারের আকাল যেমন চিকিৎসা পরিষেবায় সমস্যা তৈরি করেছে, তেমনি আটকে রয়েছে সরকারি প্রকল্প। থেমে গিয়েছে কলকাতা পুরসভার গার্ডেনরিচের নতুন কবিতীর্থ পাম্পিং স্টেশনের ভূগর্ভস্থ পাইপলাইন পাতার কাজ।

সেই পাইপলাইন পাতার কাজ গত ২০ দিন ধরে আটকে রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে রাজ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে কলকাতা পুরসভার ওই কাজ আটকে গিয়েছে। পাইপলাইন বসানোর কাছে অক্সিজেনের প্রয়োজন কোথায়?

পুরকর্তারা জানাচ্ছেন, পাম্পিং স্টেশন থেকে নিকটবর্তী বা দূরবর্তী খালে জল ফেলতে গেলে সেখানে প্রচুর পরিমাণ ফোর্সে জল সরবরাহ হয়। সেক্ষেত্রে বৃষ্টির জল এবং নিয়মিত শহরের নোংরা জলের জন্য পৃথক পাইপলাইন বসাতে হয়। প্রচুর ফোর্সে সেখানে দিয়ে জল যায় বলে সেই পাইপ কংক্রিটের বদলে লোহার বসাতে হয়। কংক্রিটের হলে জলের তীব্র চাপে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

সেই লোহার বড় বড় পাইপ কোনওটা ১৪০০ কোনওটা আবার ৩৫০-৪০০ ব্যাসার্ধের হয়ে থাকে। সেই নল জুড়তে ওয়েল্ডিং বা ঝালাই করার সময় অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন এবং এলপিজি সিলিন্ডার সরকারের অক্সি-এসিটিলিন শিখা তৈরি করে সেই কাজ চলে। কিন্তু বর্তমানে যখন অক্সিজেন নিয়ে সমস্যা তৈরি হয়েছে, বিশেষত সিলিন্ডারের অভাব দেখা দিয়েছে তখন কর্তব্যরত সংস্থার কাছে অক্সিজেন সিলিন্ডার নেই।

সূত্রের খবর, ওখানে কাজের জন্য ২২ কেজি করে ২৫টি অক্সিজেন সিলিন্ডার ছিল। সেগুলি এখন অন্যত্র চিকিৎসার প্রয়োজনে সরবরাহ করতে হয়েছে। ওই সংস্থা কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু গত কয়েকদিন ধরে চেষ্টা করেও অক্সিজেন সিলিন্ডার মিলছে না।

কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, পাম্পিং স্টেশনের পাইপলাইন পাতার কাজ আটকে থাকার সমস্যা হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই পরিস্থিতিতে কতটা দ্রুত মিলবে তা নিয়ে সংশয় আছে। এখন আগে মানুষের জীবন। সেখানে এইসব কাজ আটকে থাকলে কী আর করা যাবে। তবুও সিলিন্ডার পাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন