নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার থেকে মা ক্যান্টিনেও ‘নো মাস্ক নো ফুড’ বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। অর্থাৎ গেলে, মাস্ক ছাড়া খাবার মিলবে না এই পপুলার কিচেনে। কলকাতা পুরসভার মা কিচেনে উপচে পড়ছে ভিড়। বিভিন্ন ক্যান্টিনের একাধিক মহিলা কর্মীর করোনায় আক্রান্ত। অন্যান্য কর্মীরা আতঙ্কিত। তাই, ‘নো মাস্ক নো ফুড’ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।
দক্ষিণ কলকাতার ৯৪ এবং ৯৮ নম্বর ওয়ার্ডেও একই পরিস্থিতি। কয়েকজন মহিলা কর্মী অসুস্থ থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ক্যান্টিন। কলকাতা পুরসভা সূত্রে খবর, বেহালা অঞ্চলের ১২২ নম্বর ওয়ার্ডে চলতে থাকা মা কিচেনে কয়েকজন মহিলা কর্মী আক্রান্ত হওয়ার কারণে মাঝে কয়েক দিন বন্ধ ছিল। তারপর ফের চালু হয়েছে। এখন শহরের ১০৩টি সেন্টার চালু রয়েছে।
এখনও পর্যন্ত খাবার পেয়েছেন ১১ লক্ষেরও বেশি মানুষ। এই অবস্থায় করোনার দ্বিতীয়বারের সংক্রমনের বাড়বাড়ন্ত, তখন মানুষের অসচেতনতার জন্য মা ক্যান্টিনের কর্মীরাও আতঙ্কগ্রস্থ। মুখে মাস্ক ছাড়াই খাবার নিতে ভিড় জমাচ্ছে লোকজন। কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, কিছু কিছু ওয়ার্ডে একটা সমস্যা তৈরি হয়েছিল। কর্মীরা আতঙ্কে ভুগছিলেন।
কিন্তু গরিব মানুষের কথা চিন্তা করে ক্যান্টিন কোথাও বন্ধ রাখা হয়নি। মা ক্যান্টিনের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে ‘নো মাস্ক নো ফুড’-এর পোস্টার।১৫ ফেব্রুয়ারি চালুর প্রথম দিন থেকেই মা ক্যান্টিন খুব জনপ্রিয় হয়েছে। বিপুল পপুলার হয়েছে এই ৫ টাকায় ডিম-ভাত প্রকল্প। সকাল ১১ টা থেকে দেওয়া হয় ফুড কুপন। বর্তমানে করোনা আবহেও গরিবদের খাবার বিতরণ করার উদ্দেশ্যে কলকাতা পুরসভা চালু রেখেছে মা ক্যান্টিন।
