রানার প্রতিবেদন : হু হু করে বাড়ছে করোনা, ক্রমশ সংকুচিত হচ্ছে রেল পরিষেবা। যাত্রী কমছে, ট্রেন কমছে। ট্রেন সেবা কি তাহলে লকডাউনকালীন পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে? এই প্রশ্ন নিয়ে যখন উদ্বেগ মাথাচাড়া দিয়েছে, তখন আশ্বস্ত করার চেষ্টা করলো রেল। আজ মন্ত্রকের পক্ষ থেকে এই টুইট বার্তায় বলা হয়েছে, ” রেলমন্ত্রক যাত্রীবাহী ট্রেনের পরিষেবা স্বাভাবিক রেখেছে।
মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনও রকমের শঙ্কা, জল্পনা পরিহার করুন। একমাত্র হাতে কনফার্ম কিংবা আরএসি টিকিট থাকলে, তবেই স্টেশনে আসুন। শারীরিক দূরত্ববিধি সংক্রান্ত মেনে চলুন।”

রেল আশ্বস্ত করতে চাইলেও বাস্তবে তাদের পরিষেবা ক্রমশ সংকুচিত হচ্ছে। গত কয়েকদিনে শিয়ালদা শাখায় অন্তত ৩০ জোড়া ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। হাওড়া থেকে ১২ জোড়া ট্রেন তুলে নেওয়া হয়েছে। করোনা মোকাবিলা করতে গিয়ে পরিষেবা সঙ্কুচিত করায় আরও ক্ষতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। ট্রেন কম থাকায় ভিড় বাড়ছে, গাদাগাদি করে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এর ফলে আরও বেড়ে যাচ্ছে।

যদিও ট্রেনের পরিষেবা চালু রাখতে গিয়ে সংকটে পড়েছে রেল নিজেই। হুহু করে করোনা ঢুকে পড়েছে রেলের অন্দরে। সমস্ত স্তরের বিরাট সংখ্যক কর্মী এখন করোনায় আক্রান্ত। ফলে পরিষেবা স্বাভাবিক রাখতে যে পরিমান কর্মী দরকার, সেই ভাড়ারে টান পড়েছে রেলের। এদিকে পশ্চিমবঙ্গে হুহু করে বাড়ছে কোভিড। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
