ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত-পাকিস্তান, আশঙ্কা মার্কিন রিপোর্টে

|

রানার ডেস্ক : অদূর ভবিষ্যতেই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান। মার্কিন সরকারের সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স কাউন্সিল-এর রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তান, কোনও দেশই পূর্ণাঙ্গ যুদ্ধ হোক, সেটা চায় না। রিপোর্টে বলা হয়েছে,পরিস্থিতি এমনভাবে এগুচ্ছে যে সন্ত্রাসবাদী আক্রমণ থেকেই সমস্যার সূত্রপাত হতে পারে।

একইসঙ্গে বলা হয়েছে, আফগানিস্তানের স্থিতিশীলতা রক্ষায় আমেরিকার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য।মার্কিন সরকারের এই সংস্থা প্রতি চার বছর অন্তর অন্তর গোটা বিশ্বের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেয় সরকারের কাছে। গত বুধবার সেই রিপোর্ট দিয়েছে তারা। এই রিপোর্টের ওপর ভিত্তি করে আমেরিকা সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন করে থাকে।

এই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র কোনও একটি পক্ষের একটি ভুল অংকই বিপর্যয় নামিয়ে আনতে পারে। রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ থেকে ভারতের ওপর হামলাই এর কারণ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে ভারত ইসলামাবাদের ওপর আক্রমণ নামিয়ে আনবে। পাল্টা পাকিস্তানও তা প্রতিহত করবে। এই উত্তেজনার মুহূর্তেই একটি ভুল পদক্ষেপই বিপর্যয়ের জন্য যথেষ্ট।

বলা হয়েছে, দুদেশের সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এই ধরণের ভুল হবার সম্ভাবনা প্রবলতর।গত ৭০ বছর ধরে উত্তেজনার আগুনে জলসাচ্ছে দুদেশের সম্পর্ক। দু দেশের হাতেই আছে পরমাণু বোমা। একারণেই দুদেশই একটা লক্ষণ রেখা মেনে চলে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছাতে পারে যে, এই লক্ষণ রেখা মুছে যাওয়া অসম্ভব নয়।

সেটা যদি হয় তাহলে দুদেশের ওপরেই নেমে আসবে বিরাট বিপর্যয়। আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়েও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, মার্কিন সেনা সরে যাবার পর আচমকা ক্ষমতার ভারসাম্য পাল্টে যাবে। বিবাদমান শক্তিগুলি আবার সংঘাতে জড়িয়ে পড়বে। এক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংসের সম্ভাবনা তৈরি হবে। এর প্রভাব পড়বে ভারত ও পাকিতনের ওপরেও।

আরও পড়ুন