সম্পত্তি সম্পর্কে সব তথ্য এক মুহূর্তে, ক্রেতার হয়রানি কমাতে উদ্যোগ পুরসভার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : জমি বা বাড়ি বা ফ্ল্যাট অর্থাৎ কোনও সম্পত্তি কেনার ক্ষেত্রে আর দীর্ঘ সময় এবং মোটা টাকা খরচ করতে হবে না নাগরিকদের। তেমনটাই সুযোগ করে দিচ্ছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে ক্রেতারা এক ক্লিকেই জানতে পারবেন সংশ্লিস্ট সম্পত্তির ঠিকুজি কুষ্ঠী। ইস-অব-ডুয়িং নীতি অনুসারে কলকাতা কর্পোরেশন তাদের ওয়েবসাইটে “এনকামবেরেন্স সার্টিফিকেট” নামে নতুন অপশন নিয়ে এসেছে।

যেখানে ক্লিক করে কলকাতার যে কোনও ঠিকানা ( কর মূল্যায়িত ) দিলেই সেখানে থাকা বাড়ি বা ফ্ল্যাটের পুঙ্খানুপুঙ্খ তথ্য ফুটে উঠবে কম্পিউটারের পর্দায়। শনিবার তেমনটাই ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। তিনি বলেন, মানুষের হয়রানি রুখতে আমরা এই ব্যবস্থা করছি। বাড়ি বা ফ্ল্যাট কেনার পরে অনেকেই জানতে পারেন আগের মালিক মোটা টাকা করে বকেয়া রেখে গেছেন। ফলে সেই কর মেটাবার দায় তাঁর উপরে এসে পড়ে।

মোটা টাকা খরচে ফ্ল্যাট কেনার পরে ফের অতিরিক্ত টাকা পকেট থেকে বের করতে বাধ্য থাকেন তাঁরা। এবার থেকে সেই সমস্যার সমাধান হবে বলেই আশা করছে পৌর কর্তৃপক্ষ। কী কী সুবিধা মিলবে? কেউ সম্পত্তি কেনার সময় তিনি যে সম্পত্তি কিনেবেন সেই বাড়ি বা ফ্ল্যাটের কর কত বাকি? জল কর বাকি আছে কি না? মামলা রয়েছে কি না? মিউটেশন সংক্রান্ত কোন সমস্যা রয়েছে কিনা। এমন নানা তথ্য। ফলে ওই ব্যক্তির ক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাটের মালিকের সঙ্গে টাকা পয়সা নিয়ে আলচনায় অনেক সুবিধা হবে।

আবার সেই তথ্য ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে পারবেন। পরে কর্পোরেশন যদি সেই তথ্যের বাইরে গিয়ে বকেয়া কর বা অন্য কোনো বকেয়া টাকা দাবি করে তখন এনকামবেরেন্স দেখালে পৌর কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য থাকবেন। বিশেষ করে শহরে নিত্যনতুন বহুতলা আবাসন তৈরি হচ্ছে। সেখানে এই ধরনের অভিযোগ ভুরি ভুরি। প্রোমোটার অনেক সময় ক্রেতাদের ঠকিয়ে দিচ্ছেন। সেখানে এই সার্টিফিকেট ব্যবস্থা চালু হলে সেই ফ্ল্যাট সম্পর্কিত যাবতীয় তথ্য ক্রেতা নিজেই খতিয়ে দেখে নিতে পারবেন। ফলে হয়রানি বন্ধ হবে বলে আশাবাদী কলকাতা পুরসভা।

আরও পড়ুন