এবার দেশজুড়ে খেলা হবে, ২১ জুলাইয়ের বার্তা মমতার

|

#কলকাতা : এবার দেশজুড়ে খেলা হবে ( Khela Hobe )। একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে তেমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা খেলা পশ্চিমবঙ্গে হয়েছে। বিজেপি বাংলার মাঠের বাইরে চলে গিয়েছে। এবার বিজেপিকে না সরানো পর্যন্ত দেশজুড়ে প্রত্যেকটা রাজ্যে খেলা হবে। তার জন্য দেশজুড়ে সমস্ত বিরোধীদলকে ফ্রন্ট বানানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার বার্তা, আপনারা সবাই এক হোন। ওদের বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে। আগামী ২৬ জুলাই থেকে ২৯-৩০ জুলাই তিনি দিল্লীতে থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তখন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে চান। সেটাও নিজের বার্তায় শুনিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবারের একুশে জুলাই এর প্রেক্ষাপট আলাদা। দিল্লি, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট সহ দেশের ৩০টি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বক্তৃতার ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, পি চিদাম্বরম সহ একাধিক বিরোধী দলের নেতারা। তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন। তাদের প্রতি তৃণমূল সুপ্রিমো বার্তা, ঐক্যবদ্ধ হয়ে ঝাপানোর সময় এসেছে। আসুন একসঙ্গে কাজ করতে হবে।

পাশাপাশি, সুপ্রিমকোর্টের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে বাঁচানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যেভাবে দেশের বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন ট্যাপ করা হচ্ছে, সেখানে বিচারব্যবস্থা স্বপ্রণোদিতভাবে মামলা দায়েরের করুক। দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট ছিল তার টার্গেট আগামীর লোকসভা। যার জন্য দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বক্তব্য তিনি তিনটি ভাষায় বলেছেন। বাংলার পাশাপাশি কখনও ইংরেজি, কখনও হিন্দিতে ভাষণ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন