ফের চুরি কলকাতা কর্পোরেশনে, গায়েব ৫ লক্ষ টাকার সরঞ্জাম

|

#KMC : ফের কলকাতা কর্পোরেশনে চুরি। গায়েব আনুমানিক পাঁচ লাখ টাকার বাতিল সামগ্রী! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে কলকাতা কর্পোরেশনের জল সরবরাহ বিভাগে। এর আগেও কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোর থেকে ১৫ লাখ টাকার সামগ্রী চুরি গিয়েছিল। কিভাবে খোয়া গিয়েছিল তার উত্তর এখনও মেলেনি। যদিও তা নিয়ে বিভাগীয় তদন্ত চালাচ্ছে কলকাতা পুরসভা।

এবার চুরি অকল্যান্ড ওয়াটার পাম্পিং স্টেশনে ( Auckland Water Pumping Station )। পুরসভা সূত্রে খবর, সেখান থেকে কিছু বাতিল সামগ্রী চুরি হয়েছে। অভিযোগ, সেখান থেকেই স্ক্র্যাপ বা দীর্ঘ দিন পরে থাকা বাতিল যন্ত্র, পাইপ ও লোহার আনুষঙ্গিক মালপত্র কলকাতা পুরসভার স্টোরে আনার নাম করে লরিতে চাপিয়ে বের করা হয়েছিল। কিন্তু মাঝপথে সেটা বেমালুম গায়েব হয়ে যায়। কলকাতা পুরসভার জল বিভাগের নিজস্ব হিসাব, ওই বাতিল সামগ্রী বিক্রি করে অন্তত পাঁচ লক্ষ টাকা আয় করা যেত।

নিয়ম অনুযায়ী পুরসভার যে কোন বিভাগের বাতিল সামগ্রী একজোট করে স্টোরে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে নিলাম করে বিক্রি করে কলকাতা পুরসভা। কলকাতা কর্পোরেশ সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের ৮ তারিখ পানীয় জল সরবরাহ বিভাগের অকল্যান্ড পাম্পিং স্টেশন দীর্ঘ দিন ধরে পরে থাকা যন্ত্র, পাইপ-সহ মালপত্র পরিষ্কার করা হয়। সেই সমস্ত একটি ট্রাকে করে বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা কর্পোরেশনের স্টোরে পাঠানো হয়।

তবে সেই গাড়ি আর স্টোর পর্যন্ত পৌঁছায়নি। কলকাতা পুরসভার স্টোরে সেই গাড়ির কোনও নথিভূক্তি হয়নি বলেই অভিযোগ। গেটে নিরাপত্তা রক্ষীরাও কোনও গেট পাস ছাড়াই ঢুকতে ও বের হতে দিল কিভাবে, সেই প্রশ্ন সামনে চলে এসেছে। জল সরবরাহ বিভাগের কোনো আধিকারিক কি এই কাজে যুক্ত ? এ প্রশ্নের কোনো উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখার্জি বলেন, বিষয়টি আমার কানে এসেছে।

সংশ্লিষ্ট এক্সিকিউটিভ অফিসারকে খোঁজ নিতে বলেছি। সেখান থেকে তথ্য না পাওয়ার আগে কিছু বলা সম্ভব নয়। এর আগেও কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোর থেকে বেশকিছু বাতিল যন্ত্র এবং লোহার জিনিস চুরি হয়ে গিয়েছিল। সেন্ট্রাল স্টোর পরিদর্শনে গিয়েছিলেন খোদ পুর কমিশনার বিনোদ কুমার। তারপর তিনি তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত যদিও এখনও চলছে। তার মাঝে ফের আরও একবার চুরির অভিযোগ।

আরও পড়ুন