টিকা নেই, চারদিন ধরে বন্ধ পুরসভার ভ্যাকসিন পরিষেবা

|

#কলকাতা : শুক্রবার এবং শনিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ দিচ্ছে কলকাতা পুরসভা। কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকার কারণে খুব স্বল্প সংখ্যক নাগরিককেই দ্বিতীয় টিকা দেওয়া গিয়েছে। অন্যদিকে আগামীকাল রবিবার ছুটির দিনে সব রকমের টিকাকরণ ( Vaccination ) বন্ধ রাখে কলকাতা পুরসভা ( KMC )। সোমবার রথযাত্রা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেইদিনও টিকা দেওয়া হবে না।

ফলে এমত অবস্থায় চার দিন ধরে নাগরিকদের প্রথম ডোজ বন্ধ রাখছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবেই তৈরি হয়ে গিয়েছে ব্যাকলগ। গত কয়েক সপ্তাহ ধরেই ভ্যাকসিনের অপ্রতুলতা চলছে। সেই কারণে শহরে বিভিন্ন কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ( Health Center ) ঠিকঠাক ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কলকাতা পুরসভা জানাচ্ছে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৩৫ লক্ষ টিকাকরণ হয়েছে শহরে।

প্রতিদিন ৫০ হাজার থেকে ১ লক্ষ জনকে টিকাকরণ করার পরিকাঠামো থাকলেও টিকা নেই। শুধুমাত্র দ্বিতীয় ডোজ লাগবে অন্তত ২৭ লক্ষ নাগরিকের। কিন্তু টিকা না থাকায় সেটাও সম্ভব হচ্ছে না। বর্তমানে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র এবং মেগা সেন্টার মিলিয়ে ১৯৪টি জায়গায় টিকা দেওয়া হচ্ছে। কিন্তু শুক্র এবং শনিবার দ্বিতীয় ডোজের জন্য স্পেশাল ড্রাইভ পুরসভা দিয়েছিল সেটা সাফল্য পায়নি।

টিকার অপ্রতুলতার কারণে মাত্র ১০০টি সেন্টারে টিকা দেওয়া গিয়েছে। তাও সেন্টার পিছু টার্গেট ছিল অন্তত ২০০ জনকে দ্বিতীয় টিকা দেওয়া হবে। সেখানে কোথাও ৫০ জন কোথাও আবার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে শহর কলকাতায় টিকাকরণ এর গতি ফের শ্লথ হয়েছে। বর্তমানে কলকাতা পুরসভার হাতে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টিকা আছে। রোজ ৫০ হাজারের টিকাকরণের টার্গেট নিয়ে এলে তা দিন কয়েকের মধ্যেই শেষ হয়ে যাবে।

সেই কারণেই অল্প অল্প করে নাগরিককে টিকা দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী বলেন, আমরা অপারগ। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই। ফলে গত ১০ দিন আগেও দিনে ৫০ থেকে ৫৫ হাজার টাকা দেওয়া গিয়েছিল। সেখানে এখন দেওয়া হচ্ছে মাত্র ১০-১২০০০ মানুষকে। শুনেছি দিন কয়েকের মধ্যেই টিকার বড় প্যাকেজ এই রাজ্যে আসবে। সেটা মিললে ফের টিকাকরণ গতি পাবে।

আরও পড়ুন