বনশালির ছবিতে সোনাক্ষী ? বিস্মিত বলিউড

|

রানার প্রতিবেদন : এবার আর কেউ বলতে পারবেন না যে শট গানের মেয়ে সোনাক্ষী ( Sonakshi Sinha ) অভিনয় জানেন না। কেননা বলিউডের খুঁতখুঁতে পরিচালকদের অন্যতম সঞ্জয়লীলা বনশালি ( Sanjay Leela Bhansali ) তাঁকে পরবর্তী মুভির জন্য চুক্তিভুক্ত করেছেন। সম্প্রতি আলিয়া ভাটকে নিয়ে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং শেষ করেছেন সঞ্জয়। কিন্তু শেষ করেও এতটুকু বিশ্রাম করছেন না তিনি।

বরং নতুন ছবি ‘হীরা-মান্ডি’ ( Hira Mandi Film ) নিয়ে এগিয়ে গেছেন অনেকটাই। চিত্রনাট্য লেখা শেষ। ফের শুটিং ফ্লোরে নামতে চলেছেন তিনি। সঞ্জয়ের এই নতুন ছবিতে সোনাক্ষীই নায়িকা, এটা নিয়েই এখন জোর আলোচনা চলছে বলিউডে। সত্যি বলতে কী, বহুদিন ধরেই হাতে কাজ নেই সোনাক্ষীর। সেই ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে শেষবাড়ের মতো ছবির পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।

তাও নায়িকা নন, সোনাক্ষী ছিলেন নেহাতই অতিথি শিল্পী। ‘কলঙ্ক’ সুপার ফ্লপ। তার আগেও একের পর এক ছবিতে তাঁর কপালে জুটেছিল ফ্লপ আর ফ্লপ। বলিউডের নানা অনুষ্ঠানে তাঁকে ঘুরতে দেখা গেলেও সোনাক্ষীর হাতে কাজ ছিল না। কিন্তু এবার সত্যি কপাল খুলে গেল নায়িকার। সঞ্জয়লীলা বনশালির ছবি ‘হীরা মাণ্ডি’তে কাজ পাওয়া মানে তাঁর যেন নবজন্ম।

সঞ্জয় বহুদিন ধরেই ‘হীরা মাণ্ডি’ মুভিটি তৈরি করার কথা ভাবছিলেন। তবে হাতে অন্যান্য ছবি এসে যাওয়ায় কিছুতেই শুটিং শুরু করতে পারছিলেন না। এই ছবির জন্য চুক্তি করে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি। কিন্তু কাজ আর শুরু হয়নি। এবার সোনাক্ষী যোগদানের পর সঞ্জয় বলছেন শুটিং শুরু হবে শীঘ্রই।

‘হীরা মাণ্ডি’ও ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির মতোই বাইজিদের জীবনযাপনের গল্প। গুজব আছে, মীনা কুমারীর ‘পাকিজা’ ছবির মতোই নাকি হবে এই ছবি। ছবির আর্ট ডিরেকশনেরও কাজ শুরু করে ফেলেছেন পরিচালক। বাজারে জোর গুজব, এই মুভির জন্য নাকি কত্থকও শিখছেন সোনাক্ষী।

আরও পড়ুন