নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সাময়িক আত্মশাসন চলেছে। যার জেরে গত দু’মাসে কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) পার্কিং বিভাগের আয় কার্যত তলানিতে। সেই দাবি করেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ফলে চলতি মাস থেকে ফের দিনের পার্কিং ( Day Parking ) চালু করে দিল কলকাতা পুরসভা। আদায় হবে পার্কিং ফি ( Parking Fee )। বেহাল কোষাগার সামলাতেই এই সিদ্ধান্ত। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের তথ্য বলছে, গত মে ও জুন মাসে পার্কিং থেকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা লোকসান হয়েছে।
এই অবস্থায় বর্তমানে যখন বিধিনিষেধ কিছুটা হালকা হয়েছে। তাই পুনরায় শুধুমাত্র দিনের পার্কিং চালু করা হল বলেই জানাচ্ছেন পার্কিং বিভাগের আধিকারিকরা। ঠিক হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কিং চালু থাকবে। অর্থাৎ সরকারিভাবে এই সময়ের পার্কিং থেকে পুরসভা ফি আদায় করবে। স্বাভাবিক সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনের পার্কিং এবং রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাতের পার্কিং চালু থাকে।
কিন্তু যেহেতু এখন রাত ৯টার পর পুরোপুরি লকডাউন রয়েছে, সেই কারণে আপাতত রাত ৮টা অব্দি দিনের পার্কিং চলবে। গত বছরও লকডাউনের জেরে কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আয় কমেছে। ২০১৯-২০ অর্থবর্ষে যে আয় হয়েছিল ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা, সেই আয় প্রায় ৬ কোটি টাকা কমেছে গত বছর। ২০২০-২১ অর্থবর্ষে সেটা দাঁড়িয়েছে ১০ কোটি ৭০ লক্ষ টাকা।
চলতি বছরও লকডাউন পরিস্থিতি জারি থাকায় এই ধারা বজায় থাকবে বলে জানাচ্ছেন কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আধিকারিকরা। অর্থাৎ খুব একটা রোজগার বাড়বে না। পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার বলেন, বিধি-নিষেধ কিছুটা আলগা হয়েছে। তাই জুলাই থেকে আবার দিনের পার্কিং চালু করে দেওয়া হল। তবে, রাতের পার্কিং ( Night Parking ) চালু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি পুরসভা।
১৫ জুলাইয়ের পর রাতের কারফিউ উঠলে পরবর্তী বিবেচনা করা হবে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও এখন কোনও ভাবনা চিন্তা নেই কলকাতা পুরসভার আধিকারিকদের। এক কর্তা বলেন, এটা উপযুক্ত সময় নয়। পরিস্থিতি একটু ভালো হলে ফের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলবে। তাছাড়া এখন লোকবলেরও সমস্যা আছে।
