কোভিশিল্ড নিয়েছেন? তৃতীয় ঢেউয়ে আপনি কার্যত সুরক্ষিত

|

রানার ডেস্ক : যারা কোভিশিল্ডের টিকা ( Covishield Vaccine ) নিয়েছেন, তারা ডেল্টা প্রজাতির করোনা ( Delta Variant Corona Virus ) আক্রমণের মুখে কার্যত সুরক্ষিত। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( Indian Council of Medical Research ) জানিয়েছে, যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তাদের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষার ফলাফল সামনে আসার পর দেখা গেছে, ডেল্টা প্রজাতিকে রুখতে পারে এমন উন্নত অ্যান্টিবডি ( Antibody ) তৈরি হয়েছে ৮৪ শতাংশ মানুষের দেহে। ১৬ শতাংশ মানুষের দেহে সেই এন্টিবডির সন্ধান পাওয়া যায়নি।

অর্থাৎ যারা কোভিশিল্ডের ( Covishield ) দুটো টিকাই নিয়েছেন, তাদের ১০০, জনের মধ্যে ৮৪ জনই সম্পূর্ণ সুরক্ষিত বলে মনে করছেন বিজ্ঞানীরা। তৃতীয় ঢেউয়ের ( Third wave ) আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে তারা এখন অনেকটাই নিরাপদ। একইসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( Indian Council of Medical Research ) এর পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো পর্যন্ত কোভিশিল্ডের প্রথম টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে ৪২,শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে।

৫৮ শতাংশ মানুষের দেহে উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এরাই যখন দুটো টিকাই নেবেন তখন ছবিটা পাল্টে যাবে। যাদের শরীরে অ্যান্টিবডি সন্ধান পাওয়া গেল না, সেই ১৬ শতাংশ মানুষদের ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন, উন্নত অ্যান্টিবডির সন্ধান পাওয়া যায়নি মানে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি এমনটা নয়। হয়তো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিন্তু সেই উন্নত মানে পৌঁছতে পারেনি।

এ প্রসঙ্গে তারা বলেছেন যাদের বয়স ৬৫ বছরের উপরে এবং যাদের দেহে কোমর্বিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে সহজে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি হয় না। ১৬ শতাংশ এর মধ্যে এদের সংখ্যাটাই বেশি বলে মত চিকিৎসা বিজ্ঞানীদের। তারা বলছেন, ৬৫ ঊর্ধে এবং যাদের নানান শারীরিক সমস্যা আছে ফলে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে তৃতীয় টিকার প্রয়োজন আছে।

আরও পড়ুন