বিগ বসই হতে পারে রিয়ার অগ্নি পরীক্ষা

|

রানার প্রতিবেদন : গত দেড় বছর ধরে তাঁর ওপর দিয়ে কম ঝড় বয়ে যায়নি। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput ) অপমৃত্যু, মহেশ ভাটকে ( Mahesh Bhat ) নিয়ে কানাঘুষো, ড্রাগ সমস্যা, এমনকি পুলিশ হেফাজত অবধি হয়েছে তাঁর। তবে এসবের মধ্যে একটিই ভালো খবর ছিল। সেটি হল ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’-এর সমীক্ষায় ২০২০ সালে ভারতের ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’ ( Most Desirable Women )-র শিরোপা পেয়েছেন তিনি।

এবার যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে রেখে আবারও বলিউডের অংশ হতে চাইছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। রিয়ার ইনস্টাগ্রাম জুড়েও সেই নতুন করে জীবন শুরুর পোস্ট। ইনস্টাস্টোরিতে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন রিয়া। সেই ছবির ক্যাপশনেও ওই একই মনোভাব। রিয়া লিখেছেন, ‘রাইজ অ্যান্ড শাইন’। যার মানে হ্ল, “জেগে ওঠো, উজ্জ্বল হও।” গত দেড় বছরের যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে আবারও মূলস্রোতে ফেরার তাগিদ অনুভব করছেন রিয়া।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতেও কিছুদিন আগে এক আবেগঘন পোস্ট করেছিলেন রিয়া। লিখেছিলেন, “সময় নাকি সব কিছু ঠিক করে দেয়। কিন্তু তুমিই আমার সময়। তুমিই আমার সব। জানি চাঁদে তোমার ওই টেলিস্কোপ দিয়ে আমায় দেখছ তুমি। রক্ষা করছ। প্রতিদিন অপেক্ষা করি। তুমি আসবে, এসে আমায় নিয়ে যাবে। তোমায় ছাড়া জীবন অর্থহীন। এই শূন্যতা কীভাবে পূর্ণ হবে?’’ এদিকে খবর রটেছে, বিগবসের ১৫তম সিজনে নাকি দেখা যাবে রিয়াকে।

আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লেখান্ডেরও ওই শোয়ে অংশ নেওয়ার খবর রটেছিল। যদিও অঙ্কিতা তাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন। রিয়া অবশ্য এই বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তাই জল্পনা বাড়ছেই। গুজব অনুযায়ী, রিয়ার কাছে নাকি বিগবসের অফার পৌঁছেছে। রিয়া যদি বিগবসে ( Big Boss ) প্রবেশ করেন তবে এর দুরকমের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুশান্তর অপমৃত্যুর পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। এই মৃত্যু ও তাঁকে জড়িয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি।সেই রেশ আছে এখনো। তাই রিয়ার প্রবেশ হতে পারে রিয়ালিটি শোয়ের বড় চমক। তাই হয় রিয়ার জনপ্রিয়তা পৌঁছে যাবে শীর্ষে, নয়তো তিনি তলিয়ে যাবেন অতলে।

আরও পড়ুন