নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার থেকে আধার কার্ড ( Aadhaar Card ) নিয়ে আসতে হবে কলকাতা পুরসভায়! ওটাই পরিচয় পত্র। একজন আম জনতা পুরসভায় কোন কাজে আসতে হলে তাঁর সচিত্র পরিচয় পত্র বাধ্যতামূলকভাবে লাগবে। তেমনটাই নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুরসভার ( KMC ) কমিশনার বিনোদ কুমার ( Binod Kumar )। তবে শুধুমাত্র আধার কার্ড নয়। ভোটার কার্ড, প্যান কার্ড ( Pan Card ) বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলেও হবে।
সেই সঙ্গে কি কারণে কলকাতা পুরসভার ভবনে আসা হয়েছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে গেটে। তাহলেই মিলবে ঢোকার অনুমতি। সকল পুলিশ এবং নিরাপত্তাকর্মী প্রত্যেককে খতিয়ে দেখে তবেই পুরভবনে ঢুকতে দেবেন। পাশাপাশি পুরসভার সকল কর্মী এবং আধিকারিকদের সব সময় গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ১৩ দফার একটি নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ।
সেখানে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সন্ধ্যে ছয়টার পর মেয়র গেট ছাড়া বাকি সব গেট বন্ধ করে রাখতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। হঠাৎ কেন এই নির্দেশিকা? স্বাভাবিকভাবে গুঞ্জন শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে। তাহলে কি দেবাঞ্জন দেব ( Debanjan Dev ) কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত? এই বিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
কয়েকদিন আগেই দেবাঞ্জন দেব কলকাতা পুরসভা এসে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) সঙ্গে দেখা করেছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের ( TMC )। তাহলে কি সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, অনেক অবাঞ্ছিত লোক পুরসভায় আসেন। সেই জায়গা থেকে প্রত্যেককে খতিয়ে দেখে তবেই ঢোকানো হবে।
বিষয়টি নিয়ে কলকাতা পুর কর্তৃপক্ষের ব্যাখ্যা, এখন থেকে সন্ধ্যে ছয়টার পর একমাত্র মেয়র গেট ছাড়া বাকি তিনটি গেট বন্ধ করে রাখা হবে। কোন আধিকারিকদের সঙ্গে কোনো আইনজীবীর দেখা করতে আসলে বিকেল পাঁচটার পর পুরভবনে ঢুকতে হবে। এর আগেও এমন নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু তারপর সেই বিষয়টি নিয়ে ততটা কড়া হয়নি কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু এবার দেবাঞ্জনের বিষয়টি সামনে আসার পর অস্বস্তিতে নিজেদের অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে কলকাতা পুরসভা। দেওয়া হবে ভিজিটর স্লিপ ( Visitor Slip )। নির্দিষ্ট তথ্য দিয়ে ঢুকতে হবে পুরভবনে।
