কলকাতা : খোলা শৌচ মুক্ত শহর ঘোষণা হওয়ার পথে কলকাতা। যার জন্য প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা ( KMC )। এবার থেকে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেট করলেই গুনতে জরিমানা। অংকটা নিদেনপক্ষে ৫০০ টাকা। এমনটাই প্রস্তাব গ্রহণ করা করেছে কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের বৈঠকের প্রস্তাব পাশ হওয়ার কথা।
সূত্রের খবর, নগর উন্নয়ন দপ্তরের ( Urban Development Department ) তরফে পুর কর্তৃপক্ষকে এই প্রস্তাব দেওয়া হয়। সেইমতো প্রস্তুতি নিতে শুরু করে কলকাতা পুরসভার বস্তি বিভাগ। ঠিক হয়েছে, তিলোত্তমাকে শৌচ মুক্ত শহর হিসেবে ঘোষণা করা হবে। তবে শুধুমাত্র ঘোষণা করে থেমে থাকা নয়। আগামী কয়েক মাসের মধ্যেই যেখানে যেখানে স্থানীয় লোকজন খোলা জায়গায় শৌচ কর্ম করেন, সেই জায়গাগুলিতে সুলভ শৌচালয় তৈরি করে দেওয়া হবে।
বস্তি বিভাগ জানাচ্ছে, সেখানে জায়গা পাওয়া না গেলে পাশে কোনও জমি চিহ্নিত করে টয়লেট বানিয়ে দেবে কলকাতা পুরসভা। এখন থেকে শহরে খোলা জায়গায় কেউ টয়লেট করে পুলিস ধরতে পারলে গচ্চা দিতে হবে ৫০০ টাকা। ইতিমধ্যেই স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরদের থেকে তালিকা চেয়েছে বস্তি বিভাগ। ওয়ার্ডের কোন কোন জায়গায় খোলা বাথরুমের সমস্যা রয়েছে এবং নতুন টয়লেট বানানো যেতে পারে তার প্রস্তাব চাওয়া হয়েছে।
যার মধ্যে ৫০-৫৫টি প্রস্তাব কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে জমা পড়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বসতে বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য স্বপন সমাদ্দার বলেন, আমরা আলোচনা করেছি। আগামী কয়েক দিনের মধ্যেই খোলা জায়গায় শৌচালয় বন্ধ করে দেওয়া হবে। তার বদলে স্বাস্থ্যকর টয়লেট বানিয়ে দেবে পুরসভা।
পাশাপাশি, কেএমডিএর তৈরি যে ভাঙাচোরা নোংরা শৌচালয়গুলি রয়েছে সেগুলি কেও সংস্কার করা হবে। বিশেষ করে শহরের খালধারগুলিতে বসবাসকারী বাসিন্দাদের জন্য সেখানে আলাদা করে শৌচালয় বানাবে কলকাতা পুরসভা। পুরসভার বক্তব্য, মানুষকে সচেতন করে একটা সাধু উদ্দেশ্য নিয়েই সব চেষ্টা করা হচ্ছে।
