নৈশভোজ করতে গিয়ে দল থেকে বাদ ভারতের পাঁচ তারকা ক্রিকেটার

|

রানার ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ সিডনিতে শুরু হতে চলেছে আগামী ৭ জানুয়ারি। তার আগে নতুন বছরের শুরুতেই সমস্যায় পড়ে গেল টিম ইন্ডিয়া। কোভিড বিধি ভাঙার দায়ে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হল সহ-অধিনায়ক রোহিত শর্মা-সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমন গিল, ঋষভ পন্থ-সহ পাঁচ ক্রিকেটার কোভিড-১৯ বায়ো সিকিউরিটি প্রটোকল ভেঙেছেন বলে মনে করা হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ফল এখনও পর্যন্ত ১-১। ফলে সিডনির তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার আগে দলের পাঁচ ক্রিকেটারকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ঝামেলার মূলে টুইটারে পোস্ট করা একটি ভিডিও।

এক ক্রিকেট ফ্যানের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার বর্ষবরণের রাতে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার এক ইন্ডোর রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। ওই ফ্যানের দাবি, ওই রেস্তোরাঁতে তিনি রোহিতদের কাছের টেবিলেই বসেছিলেন এবং এমনকী তাঁদের রেস্তোরাঁর বিল মিটিয়ে দেওয়ার পর পন্থ এগিয়ে এসে তাঁকে জড়িয়েও ধরেন। পরে অবশ্য কোভিড বিধি ভঙ্গের বিষয়টি সামনে আসার পর এই দাবি থেকে সরে যান তিনি।

কিন্তু ততক্ষণে ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বিসিসিআই প্রথমে ব্যাপারটা এড়িয়ে গেলেও আস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের বিলম্বিত বিবৃতিতে জানা যায়, রোহিতদের পাঠানো হয়েছে নিভৃতবাসে। ওই বিবৃতিতে বলা হয়, বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি যৌথভাবে তদন্ত করে দেখছে। ওই রেস্তোরাঁতে ছিলেন পৃথ্বী শাহ ও নবদীপ সাইনিও। সূত্রের খবর, বিসিসিআই রোহিতদের পক্ষেই সওয়াল করেছে।

বোর্ডের বক্তব্য, বিধিভঙ্গ হলেও তা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। অনেকেই মনে করছেন, এই ঘটনা ২০০৭-০৮ সালের ‘মাঙ্কি গেট’ বিতর্কের মতোই দুই ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। হরভজন সিংয়ের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডের বিতর্কিত জাতিগত মন্তব্য করার অভিযোগ ঘিরে শুরু হয়েছিল ওই তিক্ততার। কোভিড প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়রা আউটডোর রেস্তোরাঁয় বসে লাঞ্চ-ডিনার সারতে পারেন, কিন্তু চার দেওয়ালের মধ্যে ইন্ডোর সেটিংয়ে বসে খাওয়া দাওয়া নৈব নৈব চ।

আরও পড়ুন