Corona Third Wave : বাচ্চার মায়েদের টিকাকরনে তৎপরতা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃতীয় ঢেউ সামলাতে আটঘাট বাঁধছে নবান্ন ( Nabanna )। কলকাতায় শিশু এবং মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation)। ইতিমধ্যেই বাচ্চাদের জন্য পেড্রিয়াটিক সেফ হোম ( Pediatric Safe Home ) তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুরসভা। পাশাপাশি এবার বাচ্চার মায়েদের টিকাকরনে ( Vaccination of Mothers ) বিশেষ পদক্ষেপ নিল রাজ্য। ঠিক হয়েছে, ১২ বছর পর্যন্ত বয়সের বাচ্চার মায়েদের সকলকে দ্রুত টিকাকরণ এর আওতায় নিয়ে আসা হবে।

যার মধ্যে গুরুত্ব দেওয়া হবে নির্মাণকাজে জড়িত মহিলাদের। এদের সকলকে সুপার স্প্রেডার তালিকাভুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, বাচ্চার মায়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের জন্য উর্ত্তীন্ন এবং উত্তর কলকাতার একটি মেটারনিটি স্বাস্থ্যকেন্দ্রে কলকাতা পুরসভা সেফ হোম বানাচ্ছে।

বাচ্চাদের জন্য বিশেষ অক্সিজেন মাস্ক, ছোট ভেন্টিলেটর, পালস অক্সিমিটার, বিশেষ কেয়ার ইউনিট সহ নানাবিধ পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী বলেন, রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে । কলকাতার বিভিন্ন জায়গায় সুপার স্প্রেডারদের জন্য টিকাকরণের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এবার সেই তালিকায় ১২ বছর বয়সী বাচ্চার মাদেরও যুক্ত করা হল। কারণ, মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে। তবে এর পরিমাণ কত তা অবশ্য এখনই বলতে পারছেনা কলকাতা পুরসভা। ইতিমধ্যে কলকাতায় ২৮ লক্ষ মানুষ সব মিলিয়ে টিকা পেয়েছেন। এখন প্রতিদিন ৬০ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

সেখানে সম্ভবত জুলাই মাস থেকে তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করে বাচ্চার মা’দের অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়ে দেবে কলকাতা পুরসভা। তবে পৃথক টিকা শিবির করা হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। বর্তমানে কলকাতা পুরসভার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র এবং মেগা সেন্টার মিলিয়ে কলকাতায় সরকারিভাবে ২১০টি টিকা শিবির চলছে।

আরও পড়ুন