৭ দিন ধরে নোংরা পানীয় জল, হাত গুটিয়ে বসে পুরসভা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের পানীয় জলের ( Drinking Water ) সমস্যা কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) ১০ নম্বর বরো অঞ্চলে। যাদবপুর এবং টালিগঞ্জ অঞ্চলের বেশ কয়েকটি জায়গার নাগরিকেরা কাদাজল পাচ্ছেন বলে অভিযোগ। গত ৭-১০দিন ধরে এক অবস্থা। যদিও কলকাতা পুরসভার দাবি, নতুন পাইপলাইনের জন্য সমস্যা হয়েছে। খুব দ্রুত সমাধান হবে। কিন্তু কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের ( Water Supply Department ) আধিকারিকরা এলাকায় গিয়ে খোঁজ খবর নেননি বলে পর্যন্ত অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

এই অঞ্চলের শ্রী কলোনি ১ ও ২ নম্বর, নিউ আলিপুর, বিদ্যাসাগর ১ নম্বর সহ কয়েকটি অঞ্চলে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যাসাগর কলোনির বাসিন্দা রূপা ঘোষ বলেন, গত বৃষ্টির পর থেকেই কাদাজল পাচ্ছি। জল কিনে খেতে হচ্ছে। একান্তই যাঁরা কিনতে পারছেন না, তাঁরা ফুটিয়ে খাচ্ছেন। পুরসভার কেউ এসে খোঁজ পর্যন্ত নেননি। ফোন করে স্থানীয় অফিসে বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি বলে অভিযোগ ওই অঞ্চলের বাসিন্দাদের।

শ্রীকলোনির বাসিন্দা অম্বরিশ মুখোপাধ্যায় বলেন, খুব সমস্যা হচ্ছে।খাওয়ার জল কিনে খেতে হচ্ছে। সমস্যার বিষয়টি স্বীকার করেছেন কলকাতা পুরসভার স্থানীয় ১০ নম্বর বরো কো-অর্ডিনেটর তপন দাশগুপ্ত। তিনি বলেন, ৮১ নম্বর ওয়ার্ড থেকে এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছি।

তারা জানিয়েছেন, নতুন একটি পাইপলাইন পাতা হয়েছেন। সেই কারণেই কিছুদিন ঘোলা জল বেরোচ্ছে। খুব তাড়াতাড়ি ভালো জল মিলবে। কলকাতা পুরসভার জল-সরবরাহ বিভাগ জানাচ্ছে, মূলত টালিগঞ্জ এবং যাদবপুর অঞ্চলের পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখেই একটি নতুন পাইপলাইন বসানো হয়েছে। সেই পাইপলাইন তারাতলা হয়ে এম আর বাঙ্গুর হাসপাতাল ধরে যাদবপুর এবং টালিগঞ্জ অঞ্চলে জল সরবরাহ শুরু করেছে।

সেই কারণেই আপাতত কিছুদিন ধরে জল বেরোচ্ছে। আমরা বিষয়টি দেখছি। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, আমার কাছে অভিযোগ আসার পর বিষয়টি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনও কিছুই হয়নি।

আরও পড়ুন