Posta Flyover | পোস্তায় নতুন উড়ালপুলে আগ্রহ নেই সরকারের

|

কলকাতা : ঢাকঢোল পিটিয়ে পোস্তা উড়ালপুল ( Posta Flyover ) ভাঙ্গার কাজ চলছে। কিন্তু আগামী দিনে সেখানেই নতুন উড়ালপুল মাথা তুলে দাঁড়াবে কিনা সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এমনটি রাজ্য প্রশাসন সূত্রে খবর। প্রথমদিকে শোনা যাচ্ছিল, পুরনো উড়ালপুল ভেঙে ফেলার পর নতুন বানানো হবে।

এখন রাজ্য প্রশাসনের কর্তারা এই ব্যাপারে হলফ করে কিছু বলতে পারছেন না। ওখানে উরাল পুল বানানো হলে সেটা কতটা বাণিজ্যিকভাবে সফল হবে তা নিয়েও সংশয় রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নবান্ন ( Nabanna )। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই এলাকা পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সঙ্গে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভিপি গোপালিকা এবং কলকাতার নগরপাল সোমেন মিত্র।

ভাঙার কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, ভাঙার কাজ চলার সময় আশপাশের বাসিন্দাদের যেন কোনও সমস্যা না হয়। পার্শ্ববর্তী বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই মোতাবেক রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোম্বের একটি সংস্থাও কাজ করছে। ফিরহাদ বলেন, কোনও কম্পন সেখানে হচ্ছে না। উচ্চমানের প্রযুক্তি কাজে লাগিয়ে ভাঙার কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হচ্ছে না।

যদিও নতুন উড়ালপুল তৈরির বিষয়ে তিনি কিছু জানাননি। তবে রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, নতুন করে পোস্তায় উড়ালপুল তৈরি করার সম্ভাবনা কম। রাজ্য বিধানসভার বাজেটে উল্টোডাঙা থেকে কাঁকুড়গাছি হয়ে পোস্তা পর্যন্ত একটি পৃথক উড়ালপুল তৈরির প্রস্তাব রয়েছে। ফলে সেই বিষয়ে গ্রাউন্ড স্টাডি শুরু করা হবে।

সেক্ষেত্রে শুধু পোস্তা উড়ালপুল তৈরির কোন মানেই হয় না। যদিও প্রস্তাবিত উল্টোডাঙা থেকে পোস্তা উড়ালপুলের প্রাথমিক কাজকর্ম কবে থেকে শুরু হবে তা অবশ্য স্পষ্ট করছে না নবান্ন। আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে ব্রিজ ভাঙার কাজ শেষ হবে। সেখান থেকে পাওয়া লোহার পাত সহ অন্যান্য সামগ্রী নিলামে বেচবে সরকার।

আরও পড়ুন