ম্যানহোলে শ্রমিকের মৃত্যু, কড়া পদক্ষেপ পুরসভার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কুঁদঘাট ম্যানহোলে ( Kudghat manhole ) কাজ করতে গিয়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা পুরসভায়। ( kolkata municipal corporation )। যেখানে ঠিকাদারি দুই সংস্থার বড়সড় গাফিলতি নজরে এসেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। নূন্যতম সুরক্ষা বিধি না মেনেই ম্যানহোলে নামানো হয়েছিল শ্রমিককে। যার জেরে কড়া শাস্তির প্রস্তাব রেখেছে তদন্ত কমিটি।

যা মেনে নেওয়া হচ্ছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। ফলে, ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। নেওয়া হবে আইনি পদক্ষেপ। উল্লেখ্য, কুঁদঘাট রিজেন্ট পার্ক ( Regent park ) থানা এলাকায় ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে ৪ জন শ্রমিক তলিয়ে মারা যান। স্বাভাবিকভাবেই যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইতিমধ্যেই মৃত চার শ্রমিক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে পুর কর্তৃপক্ষ।

পাশাপাশি এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। বিশেষ কমিশনার সোমনাথ দে’র নেতৃত্বাধীন তদন্ত কমিটি তৈরি হয়। সেই কমিটি গত সপ্তাহে নিজেদের রিপোর্ট পেশ করেছে। গুরুতর গাফিলতি সামনে এসেছে। ওই দিন সেখানে কাজ বন্ধ ছিল, তদন্ত কমিটির কাছে এমনই বিস্ফোরক দাবি করেছে ঠিকাদার সংস্থা। তার পরেও তাহলে কী করে ম্যানহোলে নামল শ্রমিক, পাল্টা প্রশ্ন তুলেছে তদন্ত কমিটিও।

স্বাভাবিকভাবেই গাফিলতি ছিল ঠিকাদার সংস্থার। যে কারণে ঠিকাদারি দুই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে তদন্ত কমিটি। তবে, চলতি নির্মাণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। নতুন করে পুরসভার আর কোনও কাজ পাবে না ওই সংস্থা। পাশাপাশি, নির্মাণকারী দুই সংস্থার বিরুদ্ধ প্রস্তাব মেনে এফআইআর দায়ের করারও পরিকল্পনা নিয়েছে পুরসভা।

সেইসঙ্গে আইনানুগ ক্ষতিপূরণ নেওয়া হবে সংস্থার কাছ থেকে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা বলেন, কেইআইআইপি’র কাজ চলাকালীন ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে ফাইল রেডি করতে বলা হয়েছে। যা যা শাস্তির প্রস্তাব কমিটি দিয়েছে তার সবটাই মেনে নেওয়া হবে।

আরও পড়ুন