রানার প্রতিবেদন : যাঁরা অ্যাপল সম্পর্কে জানেন তাঁদের কাছে স্টিভ জবস অচেনা নন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন তিনি, মারা যান ২০১১ সালের ৫ অক্টোবর। মডেলিং দুনিয়ায় পা রাখলেন সেই স্টিভ জবসের মেয়ে ইভ জবস। পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ ওই ধনকুবের মেয়ে হয়েও মডেলিং শুরু করায় সবার নজরে এসেছেন তিনি।
সম্প্রতি একটি বিউটি ক্যাম্পেনে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। প্রসাধনী সংস্থা ‘গ্লোসিয়ার’-এর বিউটি ক্যাম্পেনের জন্য বাথটাবে পোজ দিয়েছেন ইভ। নিজের ইনস্টাগ্রামে তারই বেশকিছু ছবি শেয়ারও করেছেন ইভ জবস। হাতে ওয়াইনের গ্লাস, গলায় সোনার চেন, নখ ও ঠোঁটে ‘গ্লোসিয়ার’-এর প্রসাধনীতে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ইভ।
প্রসঙ্গত ২২ বছরের ইভ ২০২১ সালে সালে স্নাতক হতে চলেছেন, তার আগেই মডেলিং দুনিয়ায় নাম লেখালেন তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ইভ জবস। ইভ একজন সফল অশ্বারোহী। বেশ কয়েকবছর ধরে এই কারণেই শিরোনামে উঠে এসেছেন তিনি।
২৫ বছরের নীচে অশ্বারোহীদের তালিকায় বিশ্বের ৫ জনের মধ্যে নাম রয়েছে তাঁর। ইতিমধ্যেই ইভের পোস্ট করা ফটোশ্যুটের ছবি ৮ হাজার জনের থেকেও বেশিজন লাইক করেছেন। কমেন্ট করেছেন খোদ বিল গেটস-এর মেয়ে জেনিফার কে গেটসও।
