মাটির নিচে খোঁড়া খুঁড়িতেই কাটা পড়ছে শেকড়, বৃষ্টিতেও উপরে পড়ছে গাছ

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রবল ঝড় দূরের কথা, অল্প বৃষ্টিতেই উপড়ে পড়ছে শহরের গাছ। মার খাচ্ছে বৃক্ষরোপণ ( Tree Plantation )। মাটি আলগা হয়ে যাওয়াতে সমস্যা, বলছেন কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) আধিকারিকরা। কিন্তু সমস্যা সামলানোর কোনও সমাধান নেই। ফলে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনও উপায় নেই কলকাতা পুরসভার কাছে। কলকাতা পুরসভার উদ্যান বিভাগ ( Horticulture Department ) সূত্রে খবর, গত দুদিনের বৃষ্টিতে শহরে ১৫টি বড় এবং মাঝারি গাছ পড়ে গিয়েছে।

চলতি বছর ইতিমধ্যেই যশ ঘূর্ণিঝড় ( Yaas Cyclone ) এবং কয়েক দফায় বৃষ্টিতে শহরে প্রায় ৬৫-৭০টি গাছ পড়েছে। তার মধ্যে অধিকাংশ পুরনো। বিশেষ করে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বেল সহ অন্যান্য গাছ রয়েছে। যাদের শিকড় এমনিতেই মাটি শক্ত করে ধরে রাখতে পারে না। কলকাতা পুরসভার তথ্য বলছে, প্রতিবছর গড়ে অন্তত ১৫০টি গাছ উপড়ে পড়ে যায়। ফলে যা যথেষ্ট চিন্তার বিষয়। বিশেষ করে দক্ষিণ কলকাতায় গাছ ভেঙে পড়ার প্রবণতা বেশি।

পরিবেশবিদরা বলছেন, সারা বছর ধরে মাটি খোঁড়াখুঁড়ির জন্য কাটা পড়ছে গাছের শেকড়। আলগা হচ্ছে বাধন, ফলে বৃষ্টিতে মাটি নরম হলেই উল্টে পড়ছে সেই গাছ। কৃতপক্ষের পরিকল্পনার অভাবের জন্য, সারা বছর ধরে রাস্তার ধারে খোঁড়াখুঁড়ি চলতেই থাকে বলে মনে করেন তাঁরা। কলকাতা পুরসভার আধিকারিকদেরও ব্যাখ্যা, মূলত মাটি আলগা হয়ে যাওয়ার কারণেই গাছ পড়ে যাচ্ছে। সে ক্ষেত্রে গাছের গোড়ার মাটি দিয়ে শক্তপোক্ত করা সম্ভব নয়।

উদ্যান বিভাগের এক আধিকারিক বলেন, এক্ষেত্রে মাটি আলগা হয়ে পরে যাওয়া গাছ প্রতিস্থাপন করে অন্য জায়গায় লাগানো ছাড়া অন্য কোনও উপায় থাকে না। অনেক সময় এমন অবস্থা তৈরি হয় যেখানে গাছ কেটে সেখান থেকে সরাতে হয়। ফলে তখন আর প্রতিস্থাপনের সুযোগও নেই। মাটি আলগা হয়ে যাওয়া গাছের গোড়া শক্ত পোক্ত করার ক্ষেত্রে বিশেষ কোনও পদ্ধতি আমাদের জানা নেই। বিভিন্ন পার্কের ভেতরে এমন হলে অনেক সময় ছোটখাটো গাছের ক্ষেত্রে গোড়ায় মাটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা সম্ভব।

কিন্তু বড় গাছের ক্ষেত্রে সেটা অসম্ভব। মাটির তলায় বিভিন্ন ধরনের লাইন গিয়েছে। বারবার খোড়াখুড়ি চলে। এই অবস্থায় অনেক সময় বড় বড় গাছের শিকড় কাটা পড়ে। তখন শিকর ছোট হয়ে গেলে স্বাভাবিকভাবেই গাছের গোড়া মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে না। বৃষ্টিতে মাটি ভিজে গেলে আলগা হয়ে সেই গাছ পড়ে যায়। এই সমস্যার কোনও চটজলদি সমাধান নেই বলেই মনে করেন কলকাতা পুর কর্তৃপক্ষ।

আরও পড়ুন