নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নিকাশি ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসতে চাইছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal corporation )। এবার পাম্পিং স্টেশনে ( Pamping Station ) স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিন ( Auto Cleaning Machine ) বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বরাদ্দ হয়েছে অর্থ। সূত্রের খবর, বর্তমানে কলকাতা পুরসভার ১৭টি পাম্পিং স্টেশনে ৩০টি অটোমেটিক ক্লিনিং মেশিন আছে। যার মধ্যে আবার ১৩-১৪টি মেশিন খারাপ। সেখানে জরুরি ভিত্তিতে নতুন মেশিন লাগাতে হবে। পাম্পিং স্টেশনে এই ধরনের মেশিন না থাকায় জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
সেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সম্প্রতি নিকাশি বিভাগের ( Sewerage Department ) দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসকদের অন্যতম সদস্য তারক সিং এবং পুর – কমিশনার বিনোদ কুমার দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই ঠিক হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে এই অটো-ক্লিনিং মেশিন মেরামত করা হবে কিংবা নতুন মেশিন কেনা হবে। পাম্পিং স্টেশনে নানা জায়গার নোংরা জল এসে ঢোকে।
অটো-ক্লিনিং মেশিনে নিকাশির জলে থাকা ভারী ময়লা-আবর্জনা আটকে যায়। তারপর সেগুলি সেখান থেকে বার করে অন্যত্র ফেলে দেওয়া হয়। যার জেরে নিকাশি নালার জল নিষ্কাশনের জন্য শহর কলকাতা বা কেএমডিএ এলাকায় যে খালগুলি রয়েছে, সেই খালগুলিতে সরাসরি জঞ্জাল পড়ে না। কিন্তু বর্তমানে কয়েকটি জায়গায় এই অটো-ক্লিনিং মেশিন খারাপ থাকায় পাম্পিং স্টেশনে ম্যানুয়াল মেশিনেই কাজ হচ্ছে। এক-একটি স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিনের দাম দু’থেকে আড়াই কোটি টাকা।
বেশ কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থার থেকে কয়েক কোটি টাকা খরচ করে কয়েকটি অটো-ক্লিনিং মেশিন কেনা হয়েছিল। কিন্তু সেগুলি প্রথম থেকেই খুব একটা কাজে লাগেনি। খারাপ হয়ে যায়। পুরসভা পরিকল্পনা করেছে, এবার প্রয়োজনে এন্টালি ওয়ার্কশপে এই অটো-ক্লিনিং মেশিন বানানো হবে। এই প্রসঙ্গে তারক সিং, স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিন যেখানে নেই, তার তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনে পুরসভা নিজে এই মেশিন বানিয়ে লাগাবে।
৭৪টি পাম্পিং স্টেশনের মধ্যে মাত্র ১৭টি পাম্পিং স্টেশনে এই অটো-ক্লিনিং মেশিন এতদিন ছিল। প্রাথমিকভাবে যে মেশিনগুলি খারাপ হয়ে রয়েছে, সেগুলো পাল্টানো হবে। তারপর ধাপে ধাপে শহরের সবকটি পাম্পিং স্টেশন ম্যানুয়াল ক্লিনিং মেশিনের বদলে স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিন লাগাবে কলকাতা পুরসভা।
